শেরপুরের শ্রীবরদী সীমান্তে মানব পাচারবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মো. সেলিম মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। এ ঘটনায় মানব পাচার চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মঙ্গলবার ভোরে শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বাবেলাকোনা এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি।
অভিযান চলাকালে মানব পাচারের অভিযোগে সেলিম মিয়াকে আটক করা হয়। তিনি শ্রীবরদী উপজেলার বোগলাকান্দি গ্রামের মো. ওয়াদুদ মিয়ার ছেলে। আটকের পর তাঁকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম মিয়ার সঙ্গে মানব পাচার চক্রের সংশ্লিষ্টতার অভিযোগে মো. স্বপন ও মো. সুমন নামে আরও দুই ব্যক্তির তথ্য পাওয়া যায়। স্বপন শ্রীবরদী উপজেলার ঝুলগাঁও গ্রামের এবং সুমন বৈষ্ঠমপাড়া গ্রামের বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।
এদিকে, ঘটনার অধিকতর তদন্ত এবং চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে বিজিবি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানিয়েছেন, সীমান্তে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।