দুপুরের বিরতিতে কার্যত অচল রাজবাড়ী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

রাজবাড়ী জেলা সংবাদদাতা

সারাদেশ

রাজবাড়ী জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুপুরের খাবারের বিরতিতে কর্মকর্তা-কর্মচারীরা একসঙ্গে অফিসের বাইরে চলে যাওয়ায় দপ্তরের সব কক্ষ তালাবদ্ধ থাকার অভিযোগ

2026-11-17T12:33:14+00:00
2026-11-17T12:33:14+00:00
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
দুপুরের বিরতিতে কার্যত অচল রাজবাড়ী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
রাজবাড়ী জেলা সংবাদদাতা
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১২:৩৩ পিএম 
দুপুরের বিরতিতে কার্যত অচল রাজবাড়ী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
রাজবাড়ী জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুপুরের খাবারের বিরতিতে কর্মকর্তা-কর্মচারীরা একসঙ্গে অফিসের বাইরে চলে যাওয়ায় দপ্তরের সব কক্ষ তালাবদ্ধ থাকার অভিযোগ উঠেছে। এ সময় কার্যালয়ের মূল ফটক খোলা থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের কক্ষগুলোতে তালা ঝুলতে দেখা যায়। এতে জরুরি প্রয়োজনে দপ্তরে আসা সেবাপ্রত্যাশীদের ভোগান্তিতে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ঘটনার সত্যতা যাচাই করতে সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, খাবারের বিরতিতে দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা একযোগে অফিসের বাইরে রয়েছেন। নির্বাহী প্রকৌশলীর কক্ষসহ কার্যালয়ের সব কক্ষ তালাবদ্ধ থাকায় দাপ্তরিক কার্যক্রম কার্যত বন্ধ ছিল। মূল ফটক খোলা থাকলেও ভেতরে নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা-কর্মচারীকে পাওয়া যায়নি।

তবে কার্যালয়ের মূল ফটক দিয়ে প্রবেশের পর ভবনের বাইরে একটি চেয়ারে বসে থাকতে দেখা যায় অফিস সহায়ক মো. ফিরোজ শরিফকে। সংবাদদাতা বেলা ২টা ১৫ মিনিট পর্যন্ত সেখানে অবস্থান করলেও এর মধ্যে দুপুরের বিরতিতে বাইরে যাওয়া কোনো কর্মকর্তা-কর্মচারীকে কার্যালয়ে ফিরতে দেখা যায়নি।

সরকারি দপ্তরে প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে সাধারণ মানুষকে আসতে হয়। বিশেষ করে জরুরি কাজে কেউ কার্যালয়ে এলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতির কারণে তাঁকে অপেক্ষা করতে হয়, কখনো ফিরে যেতেও হয়। এ ধরনের পরিস্থিতিতে সরকারি সেবা পেতে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হতে পারেন।

সচেতন মহলের মতে, দুপুরের খাবারের বিরতি সরকারি চাকরিজীবীদের স্বাভাবিক অধিকার। তবে এ সময় সব কর্মকর্তা-কর্মচারীর একসঙ্গে অফিস ত্যাগ করা এবং সব কক্ষ তালাবদ্ধ রাখার বিষয়টি জনসেবা প্রদানের ক্ষেত্রে প্রশ্ন তৈরি করে। বিরতির সময় অন্তত একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করা হলে সেবাপ্রত্যাশীদের ভোগান্তি অনেকটাই কমানো সম্ভব।

সচেতন নাগরিক কমিটি (সনাক) রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. আতিয়ার রহমান দপ্তরটির এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “আমরা সব সচেতন মানুষ চাই, সরকারের প্রতিটি দপ্তর যেন তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে। এটি নিশ্চিত করা না গেলে মানুষের ভোগান্তি থেকেই যাবে।”

এ বিষয়ে রাজবাড়ী জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শেখ ফরিদ বলেন, “আজ আমার দপ্তরের দুজন কর্মকর্তা-কর্মচারী ছুটিতে ছিলেন। অন্যদের অফিসে থাকার কথা ছিল। তবে দুপুরে সবার একসঙ্গে অফিসের বাইরে থাকা এবং কক্ষগুলো তালাবদ্ধ রাখার বিষয়টি অনাকাঙ্ক্ষিত ও ভুল হয়েছে।”

বিকেল সাড়ে ৫টা থেকে ওই কর্মকর্তার বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। পরে রাত পৌনে ৯টার দিকে তাঁর বক্তব্য পাওয়া যায়।

জনস্বার্থে বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জেলার বিভিন্ন পর্যায়ের সচেতন নাগরিকেরা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: