চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলন, পাহাড় ও টিলা কাটা এবং গাছ পাচার বন্ধে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। ১৫ নভেম্বর রাত ১১টা থেকে ১৬ নভেম্বর রাত ২টা পর্যন্ত আনসার সদস্যদের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলার উত্তর পাইন্দং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বেড়াজালি বাদামতল মগপাড়া টিলায় অবৈধভাবে টিলা কাটার সময় একটি মিনি ভ্যান (টমটম) আটক করা হয়। এ ছাড়া পাইন্দং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অবৈধভাবে গাছ পরিবহনের সময় কাঠবোঝাই একটি মিনি ট্রাক আটক করা হয়। এ সময় গাড়ি দুটি ও কাঠ জব্দ করা হয়।
ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ অভিযান পরিচালনা করেন।
প্রাকৃতিক পরিবেশ ও পাহাড়-টিলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।