দেশের প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, অধিকার সুরক্ষা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে পর্যায়ক্রমে ৬৪ জেলায় ৬৪টি বিশেষায়িত স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সোমবার রাজধানীর ইস্কাটনে কেয়ারারস অ্যালায়েন্স বাংলাদেশ আয়োজিত ‘আন্তর্জাতিক কেয়ারারস দিবস ২০২৬’ উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, সম্পদের সীমাবদ্ধতা থাকলেও প্রতিবন্ধী ব্যক্তিদের বহুমুখী সমস্যা সমাধানে সরকার আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন সরকারের অন্যতম নির্বাচনি অঙ্গীকার। নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ (এনডিডি) থাকা বা না-থাকা—নির্বিশেষে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে সরকার থাকবে।
প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়ে তিনি বলেন, সরকারি চাকরিতে তাঁদের প্রবেশের বয়সসীমা বাড়ানোর প্রশাসনিক কার্যক্রম চলছে। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগ দেওয়ার জন্য মালিক ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের পরিচর্যায় নিয়োজিত অভিভাবকদের অবদানের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, সন্তানের দেখাশোনার কারণে যেসব মা-বাবা পেশাগত কাজে যুক্ত হতে পারেন না, তাঁদের বৃত্তিমূলক প্রশিক্ষণের পাশাপাশি আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় কাজের উপকরণ দেওয়া হবে। তাঁদের স্বাবলম্বী করে তুলতে সরকার কাজ করবে।
তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের শুধু প্রশিক্ষণ দিয়েই সরকারের দায়িত্ব শেষ হবে না; তাঁদের টেকসই পুনর্বাসনও নিশ্চিত করতে হবে।
দেশে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের সংকট রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমানে শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের জন্য মাত্র একটি সরকারি কলেজ রয়েছে। এ প্রশিক্ষণ কার্যক্রম দ্রুত বিভাগীয় পর্যায়ে সম্প্রসারণের পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের সহায়ক উপকরণ তৈরির সরকারি প্রতিষ্ঠানকে আধুনিকায়ন করা হবে।
আন্তর্জাতিক প্যারা অলিম্পিকে বাংলাদেশের ক্রীড়াবিদদের অংশগ্রহণ ও সাফল্যের সুযোগ তৈরিতে সাভারে আন্তর্জাতিক মানের অলিম্পিক ভিলেজ নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৩০০ কেয়ারার তাঁদের অভিজ্ঞতা ও বাস্তব সমস্যার কথা তুলে ধরেন। এ সময় তাঁরা সমন্বিত ‘জাতীয় কেয়ারার কাঠামো’ গড়ে তোলার দাবি জানান।
কেয়ারারস অ্যালায়েন্স বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুল মুনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল। অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা উপস্থিত ছিলেন।