পোশাকশ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। চারটি গ্রেডে শ্রমিকদের জন্য ৩২ হাজার থেকে

2026-11-09T16:43:06+00:00
2026-11-09T16:43:06+00:00
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
জাতীয়
পোশাকশ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৪:৪৩ পিএম 
সংগৃহীত ছবি
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। চারটি গ্রেডে শ্রমিকদের জন্য ৩২ হাজার থেকে ৪৮ হাজার টাকা পর্যন্ত মজুরি দাবি করা হয়েছে। এ ছাড়া নতুন শ্রমিকদের শিক্ষানবিশকালীন বেতন ৩০ হাজার টাকা করার প্রস্তাবও দেওয়া হয়েছে।

সোমবার নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা শেষে শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার এসব প্রস্তাবের কথা জানান।

তিনি বলেন, শ্রমিকদের জন্য প্রথম গ্রেডে ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা মজুরি চাওয়া হয়েছে। নতুন যোগ দেওয়া শ্রমিকদের শিক্ষানবিশকালীন বেতন নির্ধারণের প্রস্তাব করা হয়েছে ৩০ হাজার টাকা।

শুধু শ্রমিক নন, পোশাক কারখানার কর্মচারীদের জন্যও আলাদা বেতন কাঠামোর প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। এ ক্ষেত্রে প্রথম গ্রেডে ৫৫ হাজার, দ্বিতীয় গ্রেডে ৫০ হাজার, তৃতীয় গ্রেডে ৪৫ হাজার এবং চতুর্থ গ্রেডে ৪০ হাজার টাকা মাসিক মজুরি চাওয়া হয়েছে।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার বলেন, বাজারদর ও শ্রমিকদের প্রকৃত প্রয়োজন বিবেচনায় নিলে মজুরির দাবি আরও বেশি হতে পারত। তবে শিল্পের আর্থিক সক্ষমতা এবং শ্রমিকদের প্রত্যাশা বিবেচনায় রেখেই প্রস্তাব তৈরি করা হয়েছে।

তিনি বলেন, চার সদস্যের একটি পরিবারের খাদ্য, বাসাভাড়া, চিকিৎসা ও সন্তানদের শিক্ষার ব্যয় হিসাব করলে একজন শ্রমিকের মাসে ৪৫ হাজার থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন। কিন্তু শিল্পের সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে শ্রমিকপক্ষ তাদের দাবি কমিয়ে এনেছে।

মালিকপক্ষের প্রস্তাবের অপেক্ষায় বোর্ড

নিম্নতম মজুরি বোর্ডের পরবর্তী বৈঠক আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, সোমবারের সভায় শ্রমিক ও মালিক—উভয় পক্ষের প্রস্তাব দেওয়ার কথা ছিল। তবে মালিকপক্ষ প্রস্তাব জমা দিতে সাত কার্যদিবস সময় চায়। বোর্ড তাদের চার কার্যদিবস সময় দিয়েছে।

চেয়ারম্যান বলেন, নির্ধারিত সময়ের মধ্যে মালিকপক্ষ প্রস্তাব দিতে ব্যর্থ হলে তাদের প্রস্তাবের জন্য আর অপেক্ষা করা হবে না।

মালিকপক্ষের প্রতিনিধি ও বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন বলেন, ঢাকাসহ আশপাশের এলাকায় চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে মালিকপক্ষ অন্য বিষয় নিয়ে ব্যস্ত ছিল। এ কারণে মজুরি প্রস্তাব তৈরিতে প্রয়োজনীয় সময় পাওয়া যায়নি। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী চার কার্যদিবসের মধ্যে প্রস্তাব জমা দেওয়া হবে।

তিনি আরও জানান, নতুন বেতন কাঠামো ডিসেম্বর থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী শ্রমিকেরা জানুয়ারির শুরুতে বর্ধিত বেতন পাবেন।

গবেষণা ও বাস্তবতা বিবেচনার আহ্বান

মজুরি নির্ধারণে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, ক্রয়ক্ষমতা এবং শিল্পের আর্থিক সামর্থ্য বিবেচনার ওপর গুরুত্ব দিয়েছেন শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার। তাঁর প্রত্যাশা, শ্রমিক, মালিক ও সরকারের মতামতের পাশাপাশি মাঠপর্যায়ের বাস্তবতা বিশ্লেষণ করে বোর্ড একটি গ্রহণযোগ্য মজুরি কাঠামোর সুপারিশ করবে।

শ্রমিক অসন্তোষের মধ্যে নতুন মজুরি বোর্ড

বেতন বাড়ানোর দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর সরকার নতুন করে নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে। এরপরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এর মধ্যে গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হয়। এরপর বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজে ফিরতে শুরু করেন।

এদিকে চলতি বছর শ্রম আইন সংশোধনের মাধ্যমে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে।

তৈরি পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে। ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হওয়া কাঠামোয় সর্বনিম্ন মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়। এতে মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ। বর্তমান কাঠামোর মেয়াদ চলতি নভেম্বরেই শেষ হচ্ছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: