শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি পাওয়ার অধিকার আছে কি না খতিয়ে দেখছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন করার আইনগত অধিকার রয়েছে কি না, তা

2026-11-09T14:21:42+00:00
2026-11-09T14:21:42+00:00
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
জাতীয়
শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি পাওয়ার অধিকার আছে কি না খতিয়ে দেখছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ২:২১ পিএম 
সংগৃহীত ছবি

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন করার আইনগত অধিকার রয়েছে কি না, তা খতিয়ে দেখছে সরকার। এ ক্ষেত্রে আবেদনটির সত্যতা, আইনি ভিত্তি এবং সংশ্লিষ্ট বিধিবিধান পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন বলে তিনিও শুনেছেন এবং সংবাদমাধ্যমে এ-সংক্রান্ত খবর দেখেছেন। তবে এখন পর্যন্ত আবেদন করার বিষয়টি তিনি নিজে যাচাই করতে পারেননি।

তিনি বলেন, আদৌ আবেদন করা হয়েছে কি না, আবেদন যথাযথ প্রক্রিয়ায় জমা দেওয়া হয়েছে কি না এবং এ ধরনের আবেদন করার আইনগত ভিত্তি বা অধিকার রয়েছে কি না, সেসব বিষয় পর্যালোচনা করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় বিষয়গুলো খতিয়ে দেখছে।

এ বিষয়ে পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইনসহ সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান বিবেচনায় নেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, পরবর্তী সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় এ বিষয়ে বিস্তারিত জানাবে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি বর্তমানে যে দেশে অবস্থান করছেন, সেই দেশের কাছে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফেরত পাঠানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি দেওয়া হয়েছে।

এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, নতুন বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা। তাঁর আইনজীবীরা এ বিষয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের দূতাবাসে চিঠি পাঠিয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট দেশত্যাগের পর এটিই বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁর পক্ষ থেকে এ ধরনের প্রথম আনুষ্ঠানিক আবেদন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

রয়টার্সের তথ্য অনুযায়ী, চিঠিতে শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির আওতায় বাংলাদেশের বাধ্যবাধকতার বিষয়টি তুলে ধরে নতুন পাসপোর্ট ও এনআইডি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথাও তাঁর আইনজীবীদের পক্ষ থেকে জানানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে গত ৫ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছিলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে নতুন পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস দেওয়ার প্রয়োজন নেই। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

এর ধারাবাহিকতায় গত ৮ নভেম্বর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ গ্রহণ করবে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন।



Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: