ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার খবর নিয়ে সরকারের অবস্থান জানতে চেয়েছেন সাংবাদিকেরা। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন তুরস্ক সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি উত্থাপন করা হয়। জবাবে পররাষ্ট্র সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী আগামীকাল মঙ্গলবার কপ-৩১ সম্মেলনে যোগ দিতে দুই দিনের সফরে তুরস্ক যাচ্ছেন। আজ মূলত কপ-৩১ সম্মেলন নিয়েই কথা বলছি। এ বিষয়ে (হাসিনার পাসপোর্ট) কোনো বক্তব্য নেই।’
এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, নতুন পাসপোর্ট ও এনআইডি পেতে আবেদন করেছেন শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবেই তিনি এ উদ্যোগ নিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রয়টার্সের হাতে আসা একটি চিঠির বরাতে জানানো হয়, ২০২৪ সালের আগস্টে বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এটিই শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান।
চিঠিতে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে। আইনজীবীদের দাবি, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁর আগের পাসপোর্ট এবং এনআইডি বাতিল করেছে। বাংলাদেশের নাগরিক হিসেবে তাঁর পরিচয়পত্র দুটি পুনরায় দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিতে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। পরবর্তী সময়ে ২০২৫ সালের নভেম্বরে আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন।
বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। দলটির একাধিক নেতা-কর্মী কারাগারে আছেন, আবার অনেকে দেশের বাইরে অবস্থান করছেন। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি পাওয়ার উদ্যোগ এবং দেশে ফেরার পরিকল্পনার খবর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টি দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি করেছে। ফলে তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তনের উদ্যোগ ঢাকা-দিল্লি সম্পর্কেও নতুন পরিস্থিতি তৈরি করতে পারে।