যশোরের কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল উইনকেরেক্সসহ মো. আলমগীর (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬-এর যশোর ক্যাম্প।
রোববার (৮ নভেম্বর) সকাল ৯টার দিকে জেলার কোতোয়ালি মডেল থানার হামিদপুর বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল হামিদপুর বাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় সন্দেহভাজন একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়। পরে সেখান থেকে ৫০ বোতল উইনকেরেক্স উদ্ধার করা হয়। এ ঘটনায় অটোরিকশায় থাকা মো. আলমগীরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলমগীর যশোরের শার্শা উপজেলার নারায়ণপুর গ্রামের মো. ইবাদ আলীর ছেলে।
এসআরবি জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেপ্তার ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
এসআরবি-৬-এর সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং হত্যা ও ধর্ষণের মতো চাঞ্চল্যকর অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।