সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন—এমন ব্যতিক্রমী চাকরির বিজ্ঞাপন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুরভিত্তিক প্রতিষ্ঠান ‘ইনফ্লুয়িশ’ দীপাবলি উপলক্ষে এমনই এক মজার চাকরির সুযোগের ঘোষণা দিয়েছে। দায়িত্ব হবে ইনস্টাগ্রামে সময় কাটানো, কোন কনটেন্ট জনপ্রিয় হচ্ছে তা খেয়াল করা এবং নিয়মিত ট্রেন্ডের তথ্য প্রতিষ্ঠানকে জানানো।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি প্রতিষ্ঠানটির কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে নিয়োগের বিষয়টি জানান। ভিডিওতে প্রতিষ্ঠানের এক কর্মী বলেন, এমন একজনকে খোঁজা হচ্ছে, যিনি দিনের বড় একটি সময় ইনস্টাগ্রাম স্ক্রল করবেন এবং প্ল্যাটফর্মে কোন বিষয়গুলো ভাইরাল হচ্ছে, তা পর্যবেক্ষণ করবেন।
যারা স্বাভাবিকভাবেই ইনস্টাগ্রাম ব্যবহার করতে পছন্দ করেন, তাদের জন্যই মূলত এই কাজের সুযোগ। তবে এটি নিছক বিনোদন নয়; রিলস দেখার পাশাপাশি জনপ্রিয় কনটেন্ট ও চলতি ট্রেন্ড সম্পর্কে প্রতিষ্ঠানকে তথ্য দিতে হবে। বিনিময়ে কর্মীকে দেওয়া হবে বেতন।
উদয়পুরের আগ্রহী প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে ভিন্ন এক পদ্ধতিতে। প্রতিষ্ঠানটির প্রকাশিত ভিডিওতে ‘Hi’ লিখে মন্তব্য করলে সরাসরি বার্তার মাধ্যমে আবেদন লিংক পাঠানো হচ্ছে। এ ছাড়া ‘গ্যাংস অব স্টার্টআপ’ (gangsofstartup) নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বায়োতে দেওয়া লিংক থেকেও গুগল ফরম পূরণ করে আবেদন করা যাচ্ছে।
আবেদন ফরমে প্রার্থীর নাম, ফোন নম্বর ও ঠিকানা দেওয়ার পাশাপাশি ফুলটাইম চাকরি নাকি ইন্টার্নশিপ—কোনটিতে আগ্রহী, তা উল্লেখ করতে হবে। পাশাপাশি পছন্দের পদ, বর্তমান ও প্রত্যাশিত বেতনের তথ্য এবং জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিতে হবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, আবেদনকারীদের মধ্য থেকে প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের সঙ্গে পরবর্তী সময়ে যোগাযোগ করা হবে।
গত ৪ নভেম্বর প্রকাশিত নিয়োগসংক্রান্ত ভিডিওটি ইতোমধ্যে তিন লাখের বেশি বার দেখা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, আবেদন ফরম সংগ্রহের জন্য ১১ হাজারের বেশি মানুষ ইতোমধ্যে আগ্রহ প্রকাশ করেছেন।
ব্যতিক্রমী এই চাকরির বিজ্ঞাপন ঘিরে নেটিজেনদের মধ্যেও তৈরি হয়েছে কৌতূহল। কেউ একে ‘নিখুঁত চাকরি’, আবার কেউ ‘স্বপ্নের চাকরি’ বলে মন্তব্য করেছেন। অনেকে মজার ছলে প্রতিষ্ঠানটির কাছে নিজেদের নিয়োগ দেওয়ার অনুরোধও জানিয়েছেন।