ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হলে ইসরাইলের অস্তিত্বই বিলীন হয়ে যেত বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ভাষ্য, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান চালানোর ফলে দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা সম্ভব হয়েছে এবং ইসরাইল বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত নাসার কেনেডি স্পেস সেন্টারে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন ট্রাম্প। এ সময় ইরানের বিরুদ্ধে তাঁর সামরিক পদক্ষেপের পক্ষে যুক্তি তুলে ধরেন তিনি।
ট্রাম্প বলেন, ‘আমি যদি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দিতাম, তাহলে আজ ইসরাইলের কোনো অস্তিত্ব থাকত না। ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত।’
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানকে ইসরাইলের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, এই অভিযান ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের পথ আটকে দিয়েছে।
ট্রাম্পের এমন বক্তব্য এসেছে এমন এক সময়ে, যখন ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। তবে আলোচনার পাশাপাশি নতুন করে সামরিক অভিযান শুরুর আশঙ্কাও তৈরি হয়েছে।
এর আগে বৃহস্পতিবার ট্রাম্প ইঙ্গিত দেন, প্রয়োজন মনে করলে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। তবে একই সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট নিরসনের প্রচেষ্টাও চলছে।