চীনের মহাকাশ কর্মসূচিতে নতুন করে যুক্ত হয়েছে আরও তিনটি রিমোট সেন্সিং স্যাটেলাইট। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের শিচাং স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এগুলো মহাকাশে পাঠানো হয়।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, লং মার্চ-২সি ক্যারিয়ার রকেট ব্যবহার করে ইয়াওগান-৫১ সিরিজের ০৭, ০৮ ও ০৯ নম্বর স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। উৎক্ষেপণের পর স্যাটেলাইট তিনটি সফলভাবে নির্ধারিত কক্ষপথে পৌঁছেছে।
বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি তড়িৎচৌম্বকীয় পরিবেশ পর্যবেক্ষণ ও শনাক্তকরণের কাজে স্যাটেলাইটগুলো ব্যবহার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এই উৎক্ষেপণের মধ্য দিয়ে চীনের লং মার্চ রকেট সিরিজের মিশন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭৫-এ।
এর আগে গত ২৫ অক্টোবর দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ হাইনান থেকে নিম্ন পৃথিবী কক্ষপথে ইন্টারনেট স্যাটেলাইটের একটি বহর উৎক্ষেপণ করা হয়। সেটি ছিল লং মার্চ রকেট সিরিজের ৬৭৪তম মিশন।