ইরানকে ৯০ ক্ষেপণাস্ত্র লঞ্চার দিচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের কাছে ৯০টি উন্নত হেলিকপ্টার থেকে নিক্ষেপযোগ্য গাইডেড ক্ষেপণাস্ত্রের লঞ্চার সরবরাহে সম্মত হয়েছে রাশিয়া। ইউক্রেনের বেসরকারি গোয়েন্দা সংস্থা দ্য ডালাস

2026-11-06T11:43:43+00:00
2026-11-06T11:43:43+00:00
  শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
 
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানকে ৯০ ক্ষেপণাস্ত্র লঞ্চার দিচ্ছে রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১১:৪৩ এএম 
Ai দিয়ে তৈরি ছবি
ইরানের কাছে ৯০টি উন্নত হেলিকপ্টার থেকে নিক্ষেপযোগ্য গাইডেড ক্ষেপণাস্ত্রের লঞ্চার সরবরাহে সম্মত হয়েছে রাশিয়া। ইউক্রেনের বেসরকারি গোয়েন্দা সংস্থা দ্য ডালাস অ্যানালিটিক্সের হাতে আসা কিছু গোপন নথিতে দুই দেশের এই সামরিক চুক্তির তথ্য উঠে এসেছে।

ফাঁস হওয়া নথি অনুযায়ী, ইরানের জন্য এমএলইউআর (LMUR) গাইডেড ক্ষেপণাস্ত্রের ৯০টি লঞ্চার সরবরাহের পরিকল্পনা করেছে মস্কো। এসব ক্ষেপণাস্ত্র মূলত আক্রমণকারী হেলিকপ্টার থেকে নিক্ষেপ করা হয়। ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে রুশ বাহিনী ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলায় এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আসছে।

নথিতে বলা হয়েছে, ‘কে-১০’ নামের একটি রপ্তানি চুক্তির আওতায় এসব লঞ্চার ইরানকে দেওয়ার কথা রয়েছে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও লঞ্চার নির্মাতা প্রতিষ্ঠান ভিম্পেল এসব সরঞ্জাম তৈরি করেছে। চুক্তির সময়সূচি অনুযায়ী, ২০২৪ সালের শেষভাগ থেকে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে সরঞ্জামগুলো সরবরাহ করার পরিকল্পনা ছিল। নথির অভ্যন্তরীণ বিবরণে ‘কে-১০’ কোডটি ইরানকে নির্দেশ করে বলেও উল্লেখ রয়েছে।

তবে পরিকল্পনা অনুযায়ী সব লঞ্চার শেষ পর্যন্ত ইরানের হাতে পৌঁছেছে কি না, তা নিশ্চিত করতে পারেনি দ্য ডালাস অ্যানালিটিক্স।

ইরানের সঙ্গে রাশিয়ার সামরিক সহযোগিতার ইঙ্গিত

ফাঁস হওয়া নথিতে শুধু ক্ষেপণাস্ত্র লঞ্চার নয়, ইরানের জন্য সামরিক বিমান উৎপাদনের তথ্যও পাওয়া গেছে। ২০২৩ সালে ইরানের জন্য ছয়টি ইয়াক-১৩০ প্রশিক্ষণ যুদ্ধবিমান তৈরির একটি সময়সূচি রয়েছে এসব নথিতে। পরবর্তী সময়ে প্রকাশ্যে আসা বিমান সরবরাহের তথ্যের সঙ্গে ওই সময়সূচির মিল পাওয়া গেছে।

বিশ্লেষকদের মতে, এসব তথ্য রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক সহযোগিতার বিস্তৃত চিত্র তুলে ধরে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক নতুন করে আলোচনায় এসেছে।

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে লাভবান মস্কো

পশ্চিমা কয়েকজন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘস্থায়ী সংঘাত থেকে সবচেয়ে বেশি কৌশলগত ও অর্থনৈতিক সুবিধা পাচ্ছে রাশিয়া। এই সংঘাতের প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজার থেকে শুরু করে ইউক্রেন যুদ্ধের সামরিক সমীকরণেও।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়া এবং উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোয় হামলার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে রাশিয়ার তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞার ক্ষেত্রেও। জ্বালানি বাজারের অস্থিরতা সামাল দিতে যুক্তরাষ্ট্র রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করতে বাধ্য হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জ্বালানি তেলের উচ্চমূল্য থেকে বাড়তি আয় পাচ্ছে মস্কো। এতে একদিকে ইউক্রেন যুদ্ধে সামরিক ব্যয় নির্বাহ সহজ হচ্ছে, অন্যদিকে রাশিয়ার জাতীয় বাজেটের ওপর চাপও কিছুটা কমছে।

এ ছাড়া মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে পশ্চিমা দেশগুলোর রাজনৈতিক ও সামরিক মনোযোগ ইউক্রেন থেকে সরে যাচ্ছে। একই সঙ্গে পশ্চিমা সামরিক সরঞ্জামের চাহিদা ও সরবরাহ ব্যবস্থায় নতুন চাপ তৈরি হয়েছে। এর ফলে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র পাওয়া আরও কঠিন হয়ে উঠতে পারে।

ইরানকে সহায়তার অভিযোগ গুরুত্ব দিতে চান না ট্রাম্প

ইরানের প্রতি রাশিয়ার সহযোগিতার বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবারই খাটো করে দেখানোর চেষ্টা করেছেন। গত মাসে এক বক্তব্যে তিনি দাবি করেন, তেহরানকে সহায়তার ক্ষেত্রে মস্কোর ভূমিকা খুবই সামান্য, এমনকি আদৌ কোনো ভূমিকা রয়েছে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন।

ট্রাম্পের যুক্তি, ইউক্রেন যুদ্ধ বন্ধে চলমান আলোচনায় রাশিয়ার অংশগ্রহণ ধরে রাখা প্রয়োজন। এ কারণে ইরানকে সহায়তার অভিযোগ সামনে এনে মস্কোর সঙ্গে সম্পর্ক আরও জটিল করতে চান না তিনি।

সব মিলিয়ে ফাঁস হওয়া নথির তথ্য সত্য হলে ইরানের সামরিক সক্ষমতা বাড়াতে রাশিয়ার সহযোগিতার নতুন মাত্রা সামনে আসবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের সংঘাত ও ইউক্রেন যুদ্ধের মধ্যে কৌশলগত সম্পর্কের জটিল সমীকরণও স্পষ্ট হবে।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: