নজরুল বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে আদিবাসী উৎসব অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শিক্ষা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজন, সাংস্কৃতিক পরিবেশনা ও ঐতিহ্যবাহী নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে আদিবাসী উৎসব-২০২৬।

2026-11-06T11:49:47+00:00
2026-11-06T11:49:47+00:00
  শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
 
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
শিক্ষা
নজরুল বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে আদিবাসী উৎসব অনুষ্ঠিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১১:৪৯ এএম 
সংগৃহীত ছবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজন, সাংস্কৃতিক পরিবেশনা ও ঐতিহ্যবাহী নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে আদিবাসী উৎসব-২০২৬। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীদের প্রত্যক্ষ সহযোগিতায় এ উৎসবের আয়োজন করা হয়।

থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ‘ইভেন্ট ও প্রজেক্ট ম্যানেজমেন্ট’ কোর্সের অংশ হিসেবে আয়োজিত এ উৎসবের মূল উদ্দেশ্য ছিল আদিবাসী জনগোষ্ঠীর স্বতন্ত্র সংস্কৃতি, ঐতিহ্য, শিল্প, সাহিত্য ও জীবনধারা তুলে ধরা। পাশাপাশি বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সাংস্কৃতিক সম্প্রীতি ও পারস্পরিক বোঝাপড়া জোরদার করাও ছিল আয়োজনের অন্যতম লক্ষ্য।

সকালে আদিবাসী নৃত্য ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ ইমদাদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইসমত আরা ভূঁইয়া ইলা।

উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়নকর্মী, লেখক ও গবেষক এবং আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক-২০২৫ প্রাপ্ত ময়ূরা বিকাশ ত্রিপুরা, কবি ও সাহিত্যিক পরাগ রিছিল এবং বিরিশিরির পরিচালক প্রিংসন সাংমা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উৎসবে অংশ নেন।

উদ্বোধনী পর্ব শেষে আদিবাসী শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি আমন্ত্রিত আদিবাসী অতিথিদের অংশগ্রহণে তাঁদের অভিজ্ঞতা, অনুভূতি ও সাংস্কৃতিক পরিচয় নিয়ে মতবিনিময়ের আয়োজন করা হয়। এ পর্বে আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি ও স্বকীয়তা সংরক্ষণের গুরুত্ব বিশেষভাবে উঠে আসে।

বিকেলের পর্ব সাজানো হয় নানা বৈচিত্র্যময় সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজনে। এতে ছিল আদিবাসীদের ঐতিহ্যবাহী খেলা, মারমা রূপকথা অবলম্বনে গল্প বলার আসর, আদিবাসী শিক্ষার্থীদের পরিবেশনা, শব্দকুঞ্জ আবৃত্তি সংগঠনের আবৃত্তি, ড্রামা চেম্বারের নাটক এবং নজরুল ইউনিভার্সিটি ব্যান্ড মিউজিক সোসাইটির সংগীত পরিবেশনা।

কোর্স তত্ত্বাবধায়ক ও থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মাজহারুল হোসেন তোকদার বলেন, “এটি ইভেন্ট ও প্রজেক্ট ম্যানেজমেন্ট একটি কোর্সের অধীনে হলেও এটি এখন আর কোর্সের মাঝে সীমাবদ্ধ নেই, এটি এখন বিশ্ববিদ্যালয়ের আয়োজনে পরিণত হয়েছে। সবাই বিষয়টিকে চমৎকারভাবে গ্রহণ করেছে।”

থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও আয়োজক আলভি মাহমুদ বলেন, “দীর্ঘদিনের প্রচেষ্টা ও আন্তরিকতার মধ্য দিয়ে পাঠ্যক্রমের অংশ হিসেবে এ উৎসবের আয়োজন করা হয়েছে। তবে এর উদ্দেশ্য কেবল একাডেমিক কার্যক্রমে সীমাবদ্ধ নয়; বরং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক ও মানবতাবাদী চেতনাকে ধারণ করে মানুষের মধ্যে সম্প্রীতি, সহমর্মিতা ও বৈষম্যহীন সমাজ গঠনের বার্তা ছড়িয়ে দেওয়া। পাশাপাশি আদিবাসীসহ প্রত্যেক জনগোষ্ঠীর স্বতন্ত্র সংস্কৃতি, ঐতিহ্য ও পরিচয়ের প্রতি সম্মান এবং সাংস্কৃতিক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার মধ্য দিয়ে বৈচিত্র্যের মধ্যে ঐক্য গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।”

উৎসবটি বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য বৃহত্তর পরিসরে তুলে ধরার পাশাপাশি ক্যাম্পাসে বহুসাংস্কৃতিক চর্চা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির ক্ষেত্র তৈরি করেছে। শিক্ষার্থীদের সৃজনশীল অংশগ্রহণে আয়োজিত এ উৎসব বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনে বৈচিত্র্য ও সহাবস্থানের ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: