ডিসেম্বরে নতুন পে স্কেলে বেতন পেতে পারেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

শিক্ষা

নতুন পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাওয়ার অপেক্ষায় থাকা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য আশার খবর এসেছে। তাঁদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় অতিরিক্ত

2026-11-05T16:31:36+00:00
2026-11-05T18:46:11+00:00
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
শিক্ষা
ডিসেম্বরে নতুন পে স্কেলে বেতন পেতে পারেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৪:৩১ পিএম  আপডেট: ০৫.১১.২০২৬ ৬:৪৬ পিএম
ফাইল ছবি
নতুন পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাওয়ার অপেক্ষায় থাকা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য আশার খবর এসেছে। তাঁদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এ বরাদ্দের বিষয়ে মৌখিক সম্মতি পাওয়া গেছে বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর থেকেই নতুন পে-স্কেলে বেতন পেতে পারেন বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্রের দাবি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক চীনে অবস্থানকালে অর্থ বিভাগের সচিব খায়েরুজ্জামান মজুমদারের সঙ্গে এ বিষয়ে একাধিকবার আলোচনা করেছেন। তাঁর উদ্যোগেই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়ায় অগ্রগতি হয়েছে।

সূত্র জানায়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে বেতন দিতে প্রয়োজনীয় অর্থ ছাড়ের বিষয়ে মৌখিক সম্মতি দিয়েছেন অর্থ সচিব। এখন আনুষ্ঠানিকতা শেষে সম্মতিপত্র মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হবে। চলতি নভেম্বরের মধ্যেই এ চিঠি পাওয়ার কথা রয়েছে। এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে ডিসেম্বর থেকেই নতুন স্কেলে বেতন দেওয়া সম্ভব হতে পারে।

শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ডিসেম্বরেই যেন শিক্ষক-কর্মচারীরা নতুন পে-স্কেলে বেতন পান, সে লক্ষ্যে আমরা কাজ করছি। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বর থেকে নতুন স্কেলে বেতন পাওয়া যাবে। তবে কোনো কারণে তা সম্ভব না হলে জানুয়ারি থেকে নতুন পে-স্কেলে বেতন দেওয়া হবে।’

নতুন বেতন বাস্তবায়নে প্রয়োজন ৩ হাজার ২৬৭ কোটি টাকা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন কাঠামো কার্যকর করতে অর্থ বিভাগের কাছে ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা অতিরিক্ত বরাদ্দ চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

জানা গেছে, ছয় মাসের বকেয়াসহ ১২ মাসের বেতন-ভাতা পরিশোধের হিসাব ধরে এ অর্থ চাওয়া হয়েছে। গত রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) প্রয়োজনীয় অর্থের বিস্তারিত হিসাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়। পরে সেই হিসাবের ভিত্তিতে অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়।

মাউশির হিসাব অনুযায়ী, চলতি বছরের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত বকেয়া বেতন-ভাতা এবং আগামী বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত সম্ভাব্য ব্যয়ের হিসাব করা হয়েছে। এর মধ্যে জুন মাসের বেতন-ভাতা আগের বরাদ্দ থেকে পরিশোধ করা হয়েছে। অবশিষ্ট অর্থের ঘাটতি পূরণে অতিরিক্ত বরাদ্দ প্রয়োজন।

স্কুল-কলেজের জন্য কত টাকা চাওয়া হয়েছে

হিসাব বিবরণী অনুযায়ী, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন বাবদ প্রয়োজন ২ হাজার ২৫৫ কোটি ৯৩ লাখ ১২ হাজার ৮১৯ টাকা। ভাতা বাবদ লাগবে আরও ২৭৫ কোটি ৬০ লাখ ১২ হাজার ৩৬ টাকা। সব মিলিয়ে বিদ্যালয়গুলোর জন্য অতিরিক্ত অর্থের প্রয়োজন ২ হাজার ৫৩১ কোটি ৫৩ লাখ ২৪ হাজার ৮৫৫ টাকা।

অন্যদিকে, বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন বাবদ ৬৬৫ কোটি ২৩ লাখ ২৭ হাজার ৫১১ টাকা এবং ভাতা বাবদ ৭১ কোটি ১২ লাখ ৩৮ হাজার ৮৯০ টাকা প্রয়োজন হতে পারে। এ খাতে মোট অতিরিক্ত অর্থের পরিমাণ ৭৩৬ কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ৪০১ টাকা।

দুই খাতের ব্যয় মিলিয়ে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে মোট প্রয়োজন ৩ হাজার ২৬৭ কোটি ৮৮ লাখ ৯১ হাজার ২৫৬ টাকা। এ কারণেই ২০২৬-২৭ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অনুকূলে প্রায় ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।

২০১৫ সালের বেতন কাঠামো থেকে নতুন স্কেলে যাওয়ার উদ্যোগ

বর্তমানে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬ বাস্তবায়িত হলে তাঁদের বেতন-ভাতায় পরিবর্তন আসবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত বরাদ্দ চাওয়ার চিঠিতে শিক্ষা খাতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবদানের বিষয়টি তুলে ধরা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম এগিয়ে নিতে বেসরকারি শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাঁদের চাকরির সুযোগ-সুবিধা, কল্যাণ এবং জীবনযাত্রার মান উন্নয়নে সরকার কাজ করছে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের আর্থিক অবস্থার উন্নতির পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

সব মিলিয়ে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার ওপর নির্ভর করছে নতুন পে-স্কেলে বেতন পাওয়ার সময়সীমা। ডিসেম্বর থেকে বেতন কার্যকরের উদ্যোগ নেওয়া হলেও তা সম্ভব না হলে জানুয়ারি থেকে বাস্তবায়নের বিকল্প পরিকল্পনা রয়েছে।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: