যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে কোনো ধরনের আলোচনার ইচ্ছা ইরানের নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাদ। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন যে, কোনো ধরনের চাপ বা হুমকির মুখে তেহরান মার্কিন প্রশাসনের সঙ্গে আর কোনো সংলাপে বসবে না।
রোববার (১ নভেম্বর) পার্লামেন্টের এক উন্মুক্ত অধিবেশনে দেওয়া ভাষণে আলী নিকজাদ এই কঠোর অবস্থানের কথা জানান। তিনি উল্লেখ করেন, ইরানের অভাবনীয় প্রতিরোধ এবং দেশটির সামরিক বাহিনীর অদম্য শক্তি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের এক বাস্তবতার কঠিন দেয়ালের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে।
পার্লামেন্টের ডেপুটি স্পিকার বলেন, “ইরানের এই মহাকাব্যিক সাফল্যের পর যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের এটা মেনে নেওয়া ছাড়া আর কোনো গত্যন্তর নেই যে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের শক্তিকে তাদের স্বীকৃতি দিতেই হবে। এই সংঘাতে শেষ পর্যন্ত ইরানি জাতি নয়, বরং মার্কিন পক্ষকেই আত্মসমর্পণ করতে হবে।”
যুক্তরাষ্ট্রের অতীত কূটকৌশলের সমালোচনা করে আলী নিকজাদ আরও বলেন, “চাপ যাই আসুক না কেন, পরমাণু ইস্যুতে আলোচনার কোনো আগ্রহ তেহরানের নেই। কারণ ওয়াশিংটনের দেওয়ার মতো নতুন কোনো প্রস্তাব বা অফার নেই।” তাঁর মতে, অতীতে তেহরান আলোচনার জন্য শত্রুপক্ষকে যথেষ্ট সুযোগ দিয়েছিল; কিন্তু তার বিনিময়ে বারবার প্রতিশ্রুতি ভঙ্গ এবং ইরানের শান্তিপূর্ণ পরমাণু স্থাপনাগুলোতে অবৈধ সামরিক হামলা ছাড়া আর কিছুই পাওয়া যায়নি।