মালয়েশিয়াগামী কর্মীদের জন্য কড়া নির্দেশনা, মেডিকেলে ৮ হাজারের বেশি নিলেই ব্যবস্থা

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

মালয়েশিয়ায় কাজ করতে যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক

2026-10-31T15:49:24+00:00
2026-10-31T15:49:24+00:00
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
জাতীয়
মালয়েশিয়াগামী কর্মীদের জন্য কড়া নির্দেশনা, মেডিকেলে ৮ হাজারের বেশি নিলেই ব্যবস্থা
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৩:৪৯ পিএম 
সংগৃহীত ছবি
মালয়েশিয়ায় কাজ করতে যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায়, দালালের মাধ্যমে মেডিকেল পরীক্ষা এবং কর্মীদের হয়রানি ঠেকাতে একগুচ্ছ নির্দেশনাও জারি করেছে মন্ত্রণালয়। কোনো মেডিকেল সেন্টার ৮ হাজার টাকার বেশি দাবি করলে তাৎক্ষণিকভাবে অভিযোগ জানাতে বলা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে বলা হয়েছে, মাইগ্রামস (MiGRAMS) স্লিপ সংগ্রহের জন্য কোনো ফি দিতে হবে না। মেডিকেল পরীক্ষার নামে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর সঙ্গে যোগাযোগ না করারও পরামর্শ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করতে পারবে না। মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা সরকারের অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।

কোনো কর্মী একটি এজেন্সির মাধ্যমে মেডিকেল স্লিপ নেওয়ার পর অন্য এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে দ্রুত তাঁর মেডিকেল রিপোর্ট পাঠিয়ে দিতে হবে। এ ক্ষেত্রে স্লিপ প্রদানকারী এজেন্সির কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না।

কোনো মেডিকেল সেন্টার নির্ধারিত ৮ হাজার টাকার বেশি দাবি করলে কিংবা হয়রানি, অযথা বিলম্ব বা অন্য কোনো ধরনের ঝামেলা করলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ পাঠানো যাবে [email protected] ঠিকানায়।

মন্ত্রণালয় জানিয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি ও পরিদর্শন করা হবে। কোনো অনিয়ম বা গরমিল পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। গত ৩১ মে ২০২৪ মালয়েশিয়া বাংলাদেশসহ কয়েকটি দেশের কর্মী নিয়োগ বন্ধ করে দিয়েছিল। নিয়োগপ্রক্রিয়ায় অনিয়ম ও অতিরিক্ত অভিবাসন ব্যয়ের অভিযোগও এ সিদ্ধান্তের পেছনে আলোচনায় ছিল।

এরপর গত ২৮ অক্টোবর প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জানায়, ৩১ অক্টোবর থেকে অনুমোদিত মেডিকেল সেন্টারে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে। এর আগে করা কোনো স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন অভিবাসন ছাড়পত্রের জন্য গ্রহণ করা হবে না। অননুমোদিত মেডিকেল পরীক্ষা ও দালালচক্রের মাধ্যমে পাসপোর্ট-টাকা সংগ্রহের বিষয়ে আগেই সতর্ক করেছিল মন্ত্রণালয়। 

মেডিকেল পরীক্ষার ফি নির্ধারণ করা হলেও মালয়েশিয়া যেতে একজন কর্মীর মোট কত টাকা খরচ হবে, তা এখনো চূড়ান্ত করেনি সরকার। গত ২৯ অক্টোবর প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূর প্রাথমিকভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠাতে ১ লাখ ৫৫ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা এবং বেসরকারি এজেন্সির মাধ্যমে ৩ থেকে ৪ লাখ টাকা খরচ হতে পারে বলে ধারণা দিয়েছিলেন। তবে বেসরকারি এজেন্সির ক্ষেত্রে ৩ থেকে ৪ লাখ টাকার হিসাবটি তাঁর ব্যক্তিগত মূল্যায়ন, সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় নয়। 

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, মালয়েশিয়াগামী কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টার—সব পক্ষকেই নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে। স্বাস্থ্য পরীক্ষার নামে অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানি বন্ধে নিয়মিত নজরদারি করা হবে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: