ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে বলে আবারও আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধের অবসান ঘটাতে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়ে শতভাগ নিশ্চয়তা চান তিনি। শুক্রবার (৩০ অক্টোবর) ক্যানসাস সিটির রেডিও স্টেশন ‘কেসিএমও’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত খুব দ্রুতই গুটিয়ে আনা হবে। তবে এ ক্ষেত্রে একটি বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। সেটি হলো, ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।
যুদ্ধ দ্রুত শেষ হওয়ার বিষয়ে আশাবাদ জানালেও কীভাবে সংঘাতের অবসান ঘটানো হবে কিংবা এর নির্দিষ্ট সময়সীমা কত—সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।
এদিকে ইরান ইস্যুতে ওয়াশিংটনের নীতিতে এক ধরনের দ্বিমুখী অবস্থান দেখা যাচ্ছে। একদিকে সামরিক চাপ বাড়ানোর পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে, অন্যদিকে কূটনৈতিক সমঝোতার পথও খুঁজছে ট্রাম্প প্রশাসন।
মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহে দেশটির মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে বড় ধরনের কয়েকটি হামলার পরিকল্পনা বিবেচনা করছেন ট্রাম্প। তবে একই সময়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নতুন একটি শান্তি কাঠামোর মাধ্যমে তেহরানের সঙ্গে আলোচনার পথ তৈরির চেষ্টা করছেন।
এ অবস্থায় ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একদিকে সামরিক পদক্ষেপের সম্ভাবনা, অন্যদিকে আলোচনার উদ্যোগ—দুই পথের মধ্যে শেষ পর্যন্ত কোনটি বেছে নেয় ওয়াশিংটন, এখন সেদিকেই নজর বিশ্ববাসীর।
ট্রাম্পের বক্তব্যে যুদ্ধ দ্রুত শেষ হওয়ার ইঙ্গিত মিললেও বাস্তবে সংঘাতের অবসান কতটা কাছাকাছি, তা এখনো স্পষ্ট নয়।