ভারতের মধ্যপ্রদেশের বুরহানপুরে ঘটে গেছে এক অবিশ্বাস্য ভাগ্যবদলের ঘটনা। মাত্র ২৬০ টাকার লটারির টিকিট কিনে প্রায় ৬৫ লাখ রুপি মূল্যের বিলাসবহুল ‘টয়োটা ফরচুনার’ গাড়ি জিতে নিয়েছে ছয় বছর বয়সি এক শিশু।
শিশুটির নাম মেদাংশ রাইকওয়ার, সে বুরহানপুরের শীলামপুরের বাসিন্দা। আবাপুরীর শ্রী সরকার ধামে আয়োজিত একটি লটারির ড্র-তে প্রথম পুরস্কার হিসেবে এই গাড়িটি বিজয়ী হয় সে।
সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, প্রায় এক বছর আগে শ্রী সরকার ধামে অনুষ্ঠিত এক গারবা উৎসবে গিয়ে মেদাংশের দাদি কিরণ রাইকওয়ার ২৬০ টাকা দিয়ে এই লটারির কুপনটি কিনেছিলেন। টিকিট কেনার সময় ভালোবাসার খাতিরে তিনি তাতে নিজের ছোট নাতির নাম লিখে দেন। কিন্তু সামান্য সেই একটি কুপন যে তাঁদের সাধারণ পরিবারের জন্য এমন বিশাল চমক নিয়ে আসবে, তা ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেননি তারা।
সম্প্রতি লটারির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হলে প্রথম পুরস্কারের তালিকায় ওঠে আসে ছোট্ট মেদাংশের নাম। এমন অভাবনীয় বিজয়ের খবর জানার পর মুহূর্তেই আনন্দে মেতে ওঠেন পরিবারের সদস্যরা।
মেদাংশের এই লটারি জয়ের খবর ছড়িয়ে পড়তেই পুরো এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা তৈরি হয়। ঢাকঢোল পিটিয়ে ও নাচ-গান করে প্রতিবেশীরা শিশুটিকে শুভেচ্ছা জানান। গাড়িটির চাবি হাতে পাওয়ার পর মেদাংশের পরিবারের সদস্যরা ঐতিহ্যবাহী নিয়মে পূজা-অর্চনা করেন। এতদিন ধরে পরিবারটির নিজস্ব একটি গাড়ি কেনার যে স্বপ্ন ছিল, সামান্য এই লটারির মাধ্যমে তা পূরণ হওয়ায় এটি তাঁদের জীবনে এক অবিস্মরণীয় মুহূর্ত হয়ে রইল।
সামাজিক যোগাযোগমাধ্যমেও ২৬০ টাকার কুপনে ৬৫ লাখ টাকার গাড়ি পাওয়ার এই ঘটনাটি ব্যাপক নেটপাড়ায় আলোচনার জন্ম দিয়েছে।