হাতিরঝিলে ৬ নভেম্বর সিএ অ্যাকাউন্টিং ডে রান, অংশ নেবেন ৩৮০০-এর বেশি দৌড়প্রেমী

ভোরের ডাক ডেস্ক

শিক্ষা

আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদ্‌যাপন উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সিএ বাংলাদেশ অ্যাকাউন্টিং ডে রান ২০২৬’। ইনস্টিটিউট

2026-10-30T15:35:36+00:00
2026-10-30T15:35:36+00:00
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
 
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিক্ষা
হাতিরঝিলে ৬ নভেম্বর সিএ অ্যাকাউন্টিং ডে রান, অংশ নেবেন ৩৮০০-এর বেশি দৌড়প্রেমী
ভোরের ডাক ডেস্ক
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৩:৩৫ পিএম 
সংগৃহীত ছবি
আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদ্‌যাপন উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সিএ বাংলাদেশ অ্যাকাউন্টিং ডে রান ২০২৬’। ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) ঢাকা আঞ্চলিক কমিটির (ডিআরসি) উদ্যোগে এবং স্ট্যান্ডার্ড চার্টার্ডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেবেন ৩ হাজার ৮০০-এর বেশি মানুষ।

শারীরিক ও মানসিক সুস্থতার গুরুত্ব তুলে ধরা এবং পেশাগত জীবনের পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনে মানুষকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। ‘Fitness Meets Accounting’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিতব্য দৌড় প্রতিযোগিতায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, সিএ শিক্ষার্থী, তাঁদের পরিবারের সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠানের পেশাজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে সিএ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এ সময় আয়োজনের টি-শার্ট ও ফিনিশার মেডেল উন্মোচন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইসিএবির সভাপতি সাব্বির আহমেদ এফসিএ, ঢাকা আঞ্চলিক কমিটির চেয়ারম্যান মো. কামরুজ্জামান এফসিএ, সম্পাদক মোহাম্মদ একলাস উদ্দিন এফসিএ, কোষাধ্যক্ষ রাশিদুল ইসলাম এফসিএ, আয়োজনের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনোয়ার হোসেন এফসিএ, ইভেন্ট চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান এফসিএ এবং ডিআরসির সদস্য মো. মুস্তাক আহমেদ এফসিএ ও মাহমুদুর রহমান এফসিএসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আয়োজকদের তথ্যমতে, প্রতিযোগিতাটি ১৫ কিলোমিটার, ৭ দশমিক ৫ কিলোমিটার ও ১ কিলোমিটার—এই তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১ কিলোমিটার দৌড় বিশেষভাবে মা ও শিশুদের জন্য নির্ধারণ করা হয়েছে। আগামী ৬ নভেম্বর শুক্রবার ভোর ৫টায় হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটার থেকে দৌড় শুরু হবে। প্রতিযোগিতার রুট অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ম্যারাথনস অ্যান্ড ডিসট্যান্স রেসেস (এআইএমএস)-এর অধিভুক্ত এবং ওয়ার্ল্ড অ্যাথলেটিকস কর্তৃক প্রত্যয়িত।

মূল প্রতিযোগিতার আগে ২ নভেম্বর রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকা বাই আইএইচজিতে অনুষ্ঠিত হবে ‘কিট এক্সপো’। বেলা ১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ আয়োজন। সেখানে নিবন্ধিত প্রতিযোগীদের মধ্যে রেস কিট ও উপহারসামগ্রীসমৃদ্ধ গুডি ব্যাগ বিতরণ করা হবে।

এ আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড, সিটি ব্যাংক পিএলসি, স্প্রিন্ট বাই অ্যাপেক্স, আমিন মোহাম্মদ অ্যাগ্রো, ব্র্যাক ব্যাংক, শাহ সিমেন্ট, বিকাশ, পূবালী ব্যাংক, রানার, ট্রান্সকম লিমিটেড, ফকির টেকনোলজিস, রুচি ও ডিবিএল সিরামিকসসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

এ ছাড়া সহযোগী অংশীদার হিসেবে রয়েছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা বাই আইএইচজি, এসএমসি প্লাস, ইস্পাহানি, কোকা-কোলা, ম্যাগি, ডেটল, নেসক্যাফে, পোলার আইসক্রিম, কিটক্যাট, টিকিফাই, কন্টিনেন্টাল হাসপাতালসহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান। আয়োজনটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক যুগান্তর, আরটিভি ও যমুনা টেলিভিশন।

আয়োজকদের মতে, এ প্রতিযোগিতা কেবল দৌড়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং পেশাজীবীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানো, সামাজিক সম্প্রীতি জোরদার এবং কর্মজীবন ও ব্যক্তিজীবনের ভারসাম্য রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়ার একটি উদ্যোগ। তাঁদের প্রত্যাশা, বিপুলসংখ্যক অংশগ্রহণকারীর উপস্থিতিতে এবারের আয়োজন সুস্থ জীবনধারা ও সম্মিলিত অংশগ্রহণের এক উৎসব হয়ে উঠবে।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: