‘লাখ লাখ গাইড বই ছাপাবেন না, এবার নিশ্চিত ধরা খাবেন’—প্রকাশকদের কড়া হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

ভোরের ডাক ডেস্ক

শিক্ষা

নোট-গাইড বই প্রকাশ ও বাজারজাতকারীদের কঠোর সতর্কবার্তা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

2026-10-28T20:35:56+00:00
2026-10-28T20:35:56+00:00
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিক্ষা
‘লাখ লাখ গাইড বই ছাপাবেন না, এবার নিশ্চিত ধরা খাবেন’—প্রকাশকদের কড়া হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৮:৩৫ পিএম 
সংগৃহীত ছবি
নোট-গাইড বই প্রকাশ ও বাজারজাতকারীদের কঠোর সতর্কবার্তা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। প্রকাশকদের উদ্দেশে তিনি বলেছেন, তড়িঘড়ি করে লাখ লাখ কপি গাইড বই ছাপাবেন না। এবার অনিয়ম করলে ধরা পড়তে হবে।

বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

নোট-গাইড বই প্রকাশকদের সতর্ক করে তিনি বলেন, গাইড বইওয়ালারা (প্রকাশক) একটু সাবধানে থাকবেন। তড়িঘড়ি করে লাখ লাখ কপি গাইড বই ছাপাবেন না। এবার কিন্তু ধরা খাবেন, নিশ্চিত বলে দিচ্ছি, ধরা খাবেন।

তবে নোট-গাইড বইয়ের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে বক্তব্যে বিস্তারিত কিছু জানাননি মন্ত্রী।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, শুধু সনদ দেওয়ার জন্য এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়নি। বরং সবার জন্য শিক্ষার সুযোগ তৈরি করা এবং শিক্ষার্থীদের দক্ষ করে তোলাই এর মূল উদ্দেশ্য।

তিনি বলেন, অনেকের শিক্ষাজীবন শুরু হলেও নানা কারণে তা শেষ করা সম্ভব হয় না। এসব মানুষকে আবার লেখাপড়ায় ফিরিয়ে আনতে হবে এবং তাঁদের জন্য শিক্ষার সুযোগ তৈরি করতে হবে। এ ক্ষেত্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে কার্যকর ভূমিকা রাখতে হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষাকে সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এখানে অনিয়মিত শিক্ষার্থীরাও বয়সের বাধা পেরিয়ে পড়াশোনার সুযোগ পান।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে আরও আধুনিক ও যুগোপযোগী করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পরিবর্তিত সময়ের চাহিদা অনুযায়ী প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্ব দেওয়ার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে সরকার টিভিইটি (কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ) খাতকে এগিয়ে নিতে কাজ করছে।

এ প্রসঙ্গে তিনি সম্প্রতি ‘বেইজিং অ্যাগ্রিমেন্ট’ স্বাক্ষরের কথা উল্লেখ করেন। তাঁর মতে, এ চুক্তির মাধ্যমে চীনের সঙ্গে দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে, যা দেশের কারিগরি শিক্ষার উন্নয়নে সহায়ক হতে পারে।

অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত ইনস্টিটিউট অব টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের (আইটিভেট) শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন।

বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে অংশ নেন। এ সময় পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য নয়জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়। শিক্ষামন্ত্রী তাঁদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: