ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধিভুক্ত মাদরাসাগুলোর কামিল (স্নাতকোত্তর) দুই বছর মেয়াদি প্রথম ও দ্বিতীয় পর্বের পরীক্ষার ফরম পূরণ ফি কমানো হয়েছে। প্রতি পত্রে ১০০ টাকা কমিয়ে নতুন ফি নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ফি পুনর্নির্ধারণ কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমানো হয়েছে। আগে প্রতি পত্রের ফি ছিল ৩৫০ টাকা। নতুন সিদ্ধান্তে তা কমিয়ে ২৫০ টাকা করা হয়েছে। তবে ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে জারি করা অফিস আদেশে উল্লেখিত অন্যান্য ফি অপরিবর্তিত থাকবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর অধিভুক্ত মাদরাসাগুলোর অধ্যক্ষদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বিভিন্ন ফি কমানোর দাবি জানানো হয়। অধ্যক্ষরা অধিভুক্তি নবায়ন, পরীক্ষা ও নিবন্ধনসহ বিভিন্ন খাতে নির্ধারিত ফি শিক্ষার্থীদের সামর্থ্যের তুলনায় বেশি বলে উল্লেখ করেন।
ওই সভায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমানোর আশ্বাস দেন। তিনি বলেন, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেকোনো যৌক্তিক দাবি মেনে নিতে আন্তরিক।
এরই ধারাবাহিকতায় কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমিয়ে নতুন অফিস আদেশ জারি করা হয়েছে। নতুন এ সিদ্ধান্তে পরীক্ষার্থীদের আর্থিক চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।