বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ১৫০ বছর পূর্তি উদযাপন ও ১৪তম গ্র্যান্ড রিইউনিয়ন আয়োজনের প্রস্তুতি পর্যালোচনায় উপাচার্য অধ্যাপক ড. একরামুল হকের সঙ্গে মতবিনিময় করেছেন বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (বুয়েটএএ) কেন্দ্রীয় আয়োজক কমিটি ও বিভিন্ন উপ-কমিটির প্রতিনিধিরা।
সোমবার (১৯ অক্টোবর) বুয়েট উপাচার্যের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সার্ধশতবার্ষিকী উদযাপন ও ১৪তম গ্র্যান্ড রিইউনিয়নকে সফল করতে গৃহীত কর্মপরিকল্পনা, অনুষ্ঠানসূচি, নিবন্ধন কার্যক্রম, ব্যবস্থাপনা, সমন্বয় এবং সার্বিক প্রস্তুতির অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় আয়োজন ও ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরে একটি ভিডিও উপস্থাপন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহ্বায়ক প্রকৌশলী আব্দুর রউফ, সদস্য-সচিব প্রকৌশলী ইমু রিয়াজুল হাসান, বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক, সমন্বয়ক ও কোষাধ্যক্ষ, বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব প্রকৌশলী আতিকুর রহমান পিনুসহ আয়োজক কমিটির সদস্যরা।
এ ছাড়া বিভিন্ন উপ-কমিটির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য-সচিবসহ মোট ১৬টি উপ-কমিটির প্রতিনিধিরা সভায় অংশ নেন। তাঁরা অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি, বাস্তবায়ন পরিকল্পনা ও সংশ্লিষ্ট কার্যক্রমের অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন।
সভায় জানানো হয়, বুয়েটের দেড়শ বছরের ঐতিহ্য ও গৌরব তুলে ধরার পাশাপাশি প্রকৌশল শিক্ষার বিকাশ, গবেষণা ও উদ্ভাবনে বিশ্ববিদ্যালয়ের অবদান এবং দেশের অবকাঠামোগত ও আর্থসামাজিক উন্নয়নে বুয়েটের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং গ্র্যাজুয়েটদের ভূমিকা তুলে ধরতে ২০২৭ সালের ৫ জানুয়ারি থেকে বিভিন্ন কর্মসূচি শুরু হবে।
আয়োজকেরা আশা করছেন, সার্ধশতবার্ষিকী উদযাপন ও ১৪তম গ্র্যান্ড রিইউনিয়নের মধ্য দিয়ে বুয়েটের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও প্রাতিষ্ঠানিক বন্ধন আরও সুদৃঢ় হবে।