পাবনার সদর উপজেলায় হাটের ইজারা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে হাটের ইজারাদারসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে আতাইকুলা থানার পুষ্পপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন পুষ্পপাড়া হাটের ইজারাদার আব্দুস সালাম হাজি (৫৫) ও তাঁর সহযোগী রিপন হোসেন (৫০)। তাঁদের বাড়ি আতাইকুলা থানার ধর্মগ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুষ্পপাড়া হাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার সময় বর্তমান ইজারাদার আব্দুস সালাম হাজি তাঁর সহযোগীদের নিয়ে হাটের অফিসকক্ষে বসে ছিলেন। এ সময় মুখোশ পরা কয়েকজন ব্যক্তি সেখানে এসে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে তাঁরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
গুলিবিদ্ধ দুজনকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে হাটের ইজারা নিয়ে দুই পক্ষের বিরোধের বিষয়টি জানা গেছে। সেই বিরোধের জেরেই এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। কারা এ হত্যাকাণ্ডে জড়িত, তা শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।