দুধ দিয়ে গোসল করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার এক ব্যক্তি। মোহাম্মদ ফারুক (৪৮) নামের ওই ব্যক্তির দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়েছে।
গত সোমবার (২৬ অক্টোবর) রাতে নিজের ফেসবুক আইডিতে জামায়াত ছাড়ার ঘোষণা দেন ফারুক। এরপর আধুনগর বাজারে দুধ দিয়ে গোসল করেন তিনি। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে গোসলের সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ফারুক লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের গাটিয়াডাঙা গ্রামের বাসিন্দা। আধুনগর বাজারে তাঁর একটি ফার্নিচারের ব্যবসা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফারুক দীর্ঘদিন ধরে ফেসবুকে জামায়াতের বিভিন্ন কর্মসূচি, দলটির পক্ষে বক্তব্য ও ফটোকার্ড শেয়ার করতেন। পাশাপাশি দলটির মিছিল, সভা-সমাবেশ ও নির্বাচনী প্রচারেও অংশ নিতেন।
ফেসবুকে দেওয়া ভিডিও বক্তব্যে জামায়াত ত্যাগের ঘোষণা দেওয়ার পাশাপাশি দলটির প্রতি নিজের সমর্থন প্রত্যাহারের কথাও জানান তিনি। পরে স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে আধুনগর বাজারে দুধ দিয়ে গোসল করেন ফারুক। একপর্যায়ে তিনি নিজেই গোসলের ভিডিওটি ফেসবুকে প্রকাশ করেন।
তবে ফারুকের দল ছাড়ার ঘোষণাকে ভিন্নভাবে দেখছেন জামায়াতের স্থানীয় নেতারা। তাঁদের দাবি, ফারুক দলটির নিবন্ধিত বা সক্রিয় কোনো কর্মী কিংবা নেতা ছিলেন না; বরং সাধারণ সমর্থক হিসেবে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতেন।
জামায়াতের সহযোগী সংগঠন আধুনগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শহীদুল ইসলাম বলেন, জামায়াতের সমর্থক হতে হলেও নির্দিষ্ট ফরম পূরণ করতে হয়। ফারুক নিবন্ধিত কোনো কর্মী বা সমর্থক নন। তিনি মিছিল ও নির্বাচনী প্রচারে অংশ নিতেন। এ ধরনের অনেকেই দলটির বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
ফারুকের দুধ দিয়ে গোসলের ঘটনাকে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসার কৌশল হিসেবে উল্লেখ করেন শহীদুল ইসলাম। তাঁর দাবি, আধুনগর বাজার কমিটির নির্বাচনে ফারুকের পছন্দের প্রার্থী জয়ী না হওয়ায় তিনি জামায়াতকে দায়ী করছেন। এ কারণেই এমন ঘটনা ঘটিয়েছেন বলে তাঁর ধারণা।
তবে এ বিষয়ে মোহাম্মদ ফারুকের বক্তব্য পাওয়া যায়নি।