পটুয়াখালীর দশমিনায় পবিত্র কোরআন হিফজে শিক্ষার্থীদের উৎসাহিত করতে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নাফহাতুল হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলার পূর্ব আলীপুর দারুল উলূম নূরানী হাফিজিয়া ক্বওমী মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এ প্রতিযোগিতা শুরু হয়। এতে ১০ পারা, ৫ পারা ও হুসনে সওত—এই তিন বিভাগে শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।
নাফহাতুল হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান এইচ এম ক্বারী আরাফাত রহমান রবিউল ও মহাসচিব হাফেজ ক্বারী মিজানুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি মো. মিজান হাওলাদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন কালাম পঞ্চায়েত, লিয়ার হোসেন, শহিদুল ইসলাম, ফিরোজ হোসেন ও মাছুম বিল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ মো. জাকারিয়া ইসলাম বেলাল ও মো. মনিরুল ইসলাম। আয়োজকদের মধ্যে ছিলেন পূর্ব আলীপুর দারুল কোরআন নূরানী হাফিজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মো. জাকারিয়া ইসলাম বেলাল এবং পূর্ব আলীপুর দারুল উলূম নূরানী হাফিজিয়া ক্বওমী মাদ্রাসার পরিচালক মো. মনিরুল ইসলাম।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পবিত্র কোরআন হিফজে আগ্রহী করে তোলা, তাদের মেধা ও দক্ষতা বিকাশ এবং কোরআন শিক্ষার প্রসারে উৎসাহ জোগাতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।