মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই পর্যটকের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে মারুফ হোসেন (৪০) নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। এ ঘটনায় নিখোঁজ অপর ব্যক্তি রাসেলের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে পদ্মা নদীতে মরদেহটি ভাসতে দেখেন মাওয়া নৌপুলিশের সদস্যরা। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার করা মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং স্বজনদের খবর দেওয়া হয়েছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, সোমবার দুপুরে শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের আট কর্মী মাওয়ায় পদ্মা নদীতে গোসল করতে নামেন। এ সময় ছয়জন নিরাপদে তীরে উঠতে পারলেও মারুফ ও রাসেল নামে দুজন নিখোঁজ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। মঙ্গলবার সকাল ৮টা থেকে দ্বিতীয় দিনের মতো অভিযান চালানো হয়। পরে বিকেলে নিখোঁজ মারুফের মরদেহ উদ্ধার করা হয়।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মালেক খসরু জানান, সোমবার রাতে উদ্ধারকাজ সাময়িকভাবে বন্ধ রাখার পর মঙ্গলবার ভোর থেকে আবার অভিযান শুরু হয়। বিকেল ৩টার দিকে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, নিখোঁজ অপর ব্যক্তি রাসেলের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
একসঙ্গে নদীতে গোসল করতে নেমে দুই সহকর্মীর নিখোঁজ হওয়ার ঘটনায় তাঁদের সহকর্মী ও স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। মারুফের মরদেহ উদ্ধারের পর এখন রাসেলের সন্ধানে অপেক্ষা করছেন তাঁর স্বজনেরা।