পিরোজপুরের কাউখালীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিপ্লব ওরফে মোস্তাক (৫০) নামে এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) রাত ১১টার দিকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত বিপ্লব কাউখালী উপজেলার আমরাজুড়ী ইউনিয়নের কুমিয়ান গ্রামের মুনছুর শিকদারের ছেলে। তিনি ঢাকার আশুলিয়ায় ‘এফএনএফ’ নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর কর্মস্থলে থাকাকালে জ্বরে আক্রান্ত হন বিপ্লব। প্রথমে বাসায় প্রাথমিক চিকিৎসা নেন তিনি। পরে গত বৃহস্পতিবার তাঁর শরীরে তীব্র ব্যথাসহ বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।
নিহতের ভাই বেলাল শিকদার জানান, মঙ্গলবার সকালে বিপ্লবের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে শোকাবহ হয়ে ওঠে পুরো এলাকা।
মঙ্গলবার বাদ জোহর কুমিয়ান জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে কেউন্দিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
পরিবারের একজন কর্মক্ষম সদস্যকে হারিয়ে শোকাহত স্বজনেরা। বিপ্লবের আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের আবহ বিরাজ করছে।