রাজবাড়ী জেলা শহরে প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ী নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে শহরের পৌর এলাকার পান্না চত্বরসংলগ্ন পৌর ইউ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যবসায়ী নেতা আমির হোসেন লিটনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত আমির হোসেন লিটন রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের বৃচাত্রা গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি বানীবহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক।
লিটন জানান, রাজবাড়ী আদালতে একটি মামলায় হাজিরা শেষে সঙ্গী হাসুকে নিয়ে রিকশায় করে শহরের কাপড় বাজারের দিকে যাচ্ছিলেন তিনি। পান্না চত্বর পার হয়ে পৌর ইউ মার্কেটের সামনে পৌঁছালে পেছন থেকে একটি অটোরিকশা তাঁদের রিকশার গতিরোধ করে। এ সময় অটোরিকশার ভেতর থেকে তাঁকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়া হয়। এর মধ্যে একটি গুলি তাঁর ডান হাতে লাগে। অন্য দুটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়।
লিটনের সঙ্গে থাকা হাসু জানান, ছোড়া একটি গুলি তাঁর পেট ঘেঁষে চলে যায়। তবে এতে তিনি আহত হননি।
ঘটনার পর স্থানীয়রা গুলিবিদ্ধ লিটনকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর এক্স-রে করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস জানান, এক্স-রে পরীক্ষায় দেখা গেছে, গুলিটি লিটনের হাতের মাংসের মধ্যে আটকে রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজবাড়ীর পুলিশ সুপার (এসপি) মীর মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।
তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।