স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দক্ষিণ আতামারী নদীর ওপর নির্মিত হয়নি কোনো সেতু। ফলে নদী পারাপারে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েকটি এলাকার হাজারো মানুষকে। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়। এ অবস্থায় নদীর ওপর স্থায়ী সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে দক্ষিণ আতামারী নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দক্ষিণ আতামারী, ধারাবর্ষা, গুচ্ছগ্রাম ও শংকরপুর এলাকার বাসিন্দারা অংশ নেন। এ সময় জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের সুদৃষ্টি কামনা করেন তাঁরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারগঞ্জ উপজেলার ৫ নম্বর জোড়খালী ইউনিয়নের দক্ষিণ আতামারী নদী পারাপারের জন্য এলাকাবাসীর কোনো স্থায়ী সেতু নেই। নদীর ওপর দিয়ে চলাচলের সুবিধার্থে প্রতিবছর স্থানীয় বাসিন্দারা নিজেদের অর্থায়নে মাটি কেটে অস্থায়ী বাঁধ তৈরি করেন। কিন্তু পানির স্রোত ও নদীর পরিস্থিতির কারণে সেই বাঁধ বারবার ভেঙে যায়। এতে ব্যাহত হয় মানুষের স্বাভাবিক যাতায়াত।
এলাকাবাসীর অভিযোগ, নদীর কারণে দক্ষিণ আতামারীসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষকে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে কেউ অসুস্থ হলে উপজেলা সরকারি হাসপাতালে পৌঁছাতে এক থেকে দেড় ঘণ্টা সময় লাগে। জরুরি প্রয়োজনে নদী পারাপার করতে গিয়ে দুর্ভোগের শিকার হতে হয় রোগী ও তাঁদের স্বজনদের।
স্থানীয়দের মতে, নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে দক্ষিণ আতামারী, ধারাবর্ষা, গুচ্ছগ্রাম ও শংকরপুর এলাকার মানুষের যোগাযোগব্যবস্থার উন্নতি হবে। পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, কৃষিপণ্য পরিবহন ও দৈনন্দিন যাতায়াতেও সুবিধা বাড়বে।
এলাকাবাসী জানান, নিজেদের উদ্যোগে ও স্বেচ্ছাশ্রমে তাঁরা অস্থায়ীভাবে যাতায়াতের ব্যবস্থা করে আসছেন। তবে এভাবে দীর্ঘদিন চলাচল করা সম্ভব নয়। তাই জনদুর্ভোগ লাঘবে দ্রুত দক্ষিণ আতামারী নদীর ওপর স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের কার্যকর উদ্যোগ কামনা করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, দ্রুত সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন কয়েকটি এলাকার মানুষ।