রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংক—জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নতুন নিয়োগ দিয়েছে সরকার। তিন বছরের জন্য ব্যাংকগুলোর শীর্ষ পদে নিয়োগ দিয়ে সোমবার (২৬ অক্টোবর) পৃথক প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, জনতা ব্যাংকের এমডি হয়েছেন মো. মাহবুব আলম, অগ্রণী ব্যাংকের এমডি হয়েছেন নূর মোহাম্মদ এবং বেসিক ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. নূরুল হুদা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মো. মাহবুব আলম এর আগে বেসরকারি সাউথইস্ট ব্যাংক পিএলসিতে অতিরিক্ত পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে, মো. নূরুল হুদা বর্তমানে জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। আর অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ এর আগে যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রজ্ঞাপনে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯৯ অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
নতুন এই নিয়োগের ফলে রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনায় পরিবর্তন আসছে। আগামী তিন বছর নতুন এমডিরা নিজ নিজ ব্যাংকের পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবেন।