সমালোচনা সহ্য করার ক্ষমতা ও সহনশীলতা একজন রাজনীতিবিদের গুরুত্বপূর্ণ গুণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, একজন রাজনীতিবিদকে নানা ধরনের সমালোচনা ও পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সহ্য করার ক্ষমতা এবং টলারেন্স না থাকলে ভালো রাজনীতিবিদ হওয়া সম্ভব নয়।
গতকাল শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘সারেঙ রেজাউদ্দিন স্টালিন সংখ্যা’ প্রকাশনা উৎসবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে সাহিত্যপত্রিকা ‘সারেঙ’।
বিগত ১৭ বছরের আওয়ামী লীগ শাসনামলের অভিজ্ঞতা তুলে ধরে রিজভী বলেন, ওই সময়ে অনেক বন্ধু তাঁদের কোনো অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার সাহস পেতেন না। তাঁদের আশঙ্কা ছিল, দাওয়াত দিলে কোনো ঝামেলা হতে পারে।
নিজের বিরুদ্ধে মামলার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে তাঁর বিরুদ্ধে অসংখ্য মামলা দেওয়া হয়েছিল। তাঁর নামে সাড়ে তিনশ মামলা করা হয়েছিল বলে দাবি করেন তিনি। এ কারণে অনেক নিকটজন তাঁদের ছেলে-মেয়ের বিয়েতেও তাঁকে দাওয়াত দিতেন না।
রিজভী বলেন, তিনি কোনো অনুষ্ঠানে উপস্থিত আছেন জানলে অন্যদের সমস্যা হতে পারে—এমন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তাঁকে যেতে হয়েছে। তবে সেই সময়েও কবি রেজাউদ্দিন স্টালিন তাঁদের সঙ্গে আড্ডা দিতেন এবং সময় কাটাতেন।
কবি রেজাউদ্দিন স্টালিনের সাহিত্যকর্মের প্রশংসা করে বিএনপির এই নেতা বলেন, স্টালিন নিঃসন্দেহে একজন আধুনিক কবি। তাঁর লেখনী ও শব্দচয়ন অসাধারণ। আধুনিক কবি বলেই তিনি সাম্প্রতিক সময়ের সমস্যা ও সংকটগুলো চমৎকারভাবে তুলে ধরেছেন।
প্রকাশনা উৎসবে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, কবি রেজাউদ্দিন স্টালিন, অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান, সংসদ সদস্য আক্তার হোসেন বাচ্চু, শাহীন চৌধুরী, সৈয়দ রনো, কামরুজ্জামান, আসাদ কাজল, অধ্যাপক ড. খন্দকার আকবর হোসেন, ফারহানা আতিকা, ‘সারেঙ’-এর সম্পাদক আবদুর রহমান মল্লিক, জয়শ্রী দাস, হাসান শরীফ, আমিনুল ইসলাম ও সুজন বিশ্বাসসহ অনেকে উপস্থিত ছিলেন।