দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। ‘আলো’ শিরোনামের একটি সিনেমার জন্য নতুন গান গেয়েছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন মেহেদী হাসান। গানটির কথা লিখেছেন গীতিকার কবির বকুল।
গত বুধবার রাতে রাজধানীর মগবাজারের তানপুরা রেকর্ডিং স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। দীর্ঘদিন পর চলচ্চিত্রের গানে ফিরতে পেরে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন মনির খান। তিনি বলেন, “বেশ অনেক দিন পর সিনেমার গান গাইলাম। আমার কাছে ভীষণ ভালো লেগেছে।”
আধুনিক গানের পাশাপাশি চলচ্চিত্রের গানেও রয়েছে মনির খানের দীর্ঘ ও সমৃদ্ধ পথচলা। স্বতন্ত্র কণ্ঠ ও গায়কির মাধ্যমে তিনি তৈরি করেছেন নিজস্ব পরিচিতি। তার গাওয়া অসংখ্য গান পেয়েছে শ্রোতাপ্রিয়তা।
১৯৯৬ সালে ‘তোমার কোনো দোষ নেই’ শিরোনামের প্রথম একক অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে অডিও জগতে আলোচনায় আসেন এই শিল্পী। এরপর একে একে প্রকাশিত হয়েছে তার ৪২টিরও বেশি একক অ্যালবাম। দ্বৈত ও মিশ্র অ্যালবামেও রয়েছে তার উল্লেখযোগ্য অবদান।
সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন মনির খান। দীর্ঘ বিরতির পর নতুন করে চলচ্চিত্রের গানে তার অংশগ্রহণ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে ভক্ত ও সংগীতপ্রেমীদের মধ্যে।
‘আলো’ সিনেমার গানটি কবে প্রকাশিত হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে মনির খানের কণ্ঠে কবির বকুলের লেখা নতুন গানটি প্রকাশের অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা।