কেন দর্শকের পছন্দের তালিকায় খায়রুল–সাদনিমা?

বিনোদন ডেস্ক

বিনোদন

একসঙ্গে অভিনয়, পর্দায় স্বাভাবিক রসায়ন আর দর্শকের সঙ্গে গল্পের সংযোগ—এই তিনের সমন্বয়ে অল্প সময়েই আলোচনায় উঠে এসেছে খায়রুল বাসার ও

2026-10-21T15:47:39+00:00
2026-10-21T15:47:39+00:00
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
বিনোদন
কেন দর্শকের পছন্দের তালিকায় খায়রুল–সাদনিমা?
বিনোদন ডেস্ক
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৩:৪৭ পিএম 
সংগৃহীত ছবি
একসঙ্গে অভিনয়, পর্দায় স্বাভাবিক রসায়ন আর দর্শকের সঙ্গে গল্পের সংযোগ—এই তিনের সমন্বয়ে অল্প সময়েই আলোচনায় উঠে এসেছে খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমানের জুটি। তাঁদের অভিনীত দুটি নাটক পেয়েছে কোটি ভিউয়ের সাফল্য। বিশেষ করে ‘কাছের কেউ’ ও ‘তোমার ঠিকানায়’ নাটক দুটি দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এর মধ্যে ‘তোমার ঠিকানায়’ মুক্তির মাত্র পাঁচ দিনেই কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে।

প্রায় এক বছর আগে ‘গোল্ডফিশ’ নাটকের মাধ্যমে প্রথমবার জুটি হিসেবে পর্দায় হাজির হন খায়রুল বাসার ও সাদনিমা। নাটকটিতে ফারিয়া চরিত্রে সাদনিমার প্রাণবন্ত অভিনয় ও হাসি দর্শকের নজর কাড়ে। অয়ন ও ফারিয়ার সম্পর্কের গল্পে ধীরে ধীরে তৈরি হয় তাঁদের পর্দার রসায়ন। এরপর ‘বই পোকা’, ‘ভটভটি’ ও ‘মনডুবি’র মতো নাটকে একসঙ্গে কাজ করলেও ‘কাছের কেউ’ তাঁদের জুটি হিসেবে বিশেষ পরিচিতি এনে দেয়।

পরিচালক সেরনিয়াবাত শাওনের ‘কাছের কেউ’ নাটকটি ছিল তাঁদের জুটির প্রথম কোটি ভিউ পাওয়া কাজ। একই পরিচালকের ‘তোমার ঠিকানায়’ নাটকটি অল্প সময়ের মধ্যেই একই সাফল্য পাওয়ায় নতুন করে আলোচনায় এসেছে এই জুটি।

একটির পর একটি নাটক দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নেওয়ায় জুটির সাফল্যের রহস্য নিয়ে প্রশ্ন উঠেছে। খায়রুল বাসারের মতে, এর পেছনে মূল ভূমিকা রেখেছে গল্প। তাঁর বিশ্বাস, দর্শক ভালো গল্প দেখতে চান; আর অভিনয়শিল্পীদের দায়িত্ব হলো সেই গল্প ও সংলাপকে যথাযথভাবে পর্দায় তুলে ধরা।

এ প্রসঙ্গে খায়রুল বাসার বলেন, পরপর দুটি কাজ দর্শক এতটা পছন্দ করবেন, তা তিনি ভাবেননি। তাঁর মতে, নাটকের গল্প ও সংলাপ ভালো ছিল। তাঁরা চেষ্টা করেছেন নিজেদের অভিনয়ের মাধ্যমে গল্পটিকে যথাযথভাবে উপস্থাপন করতে।

বাসার মনে করেন, দুই অভিনয়শিল্পী যখন চরিত্র, পরিস্থিতি ও সংলাপের তাৎপর্য বুঝে অভিনয় করেন, তখন পর্দায় বিশ্বাসযোগ্যতা তৈরি হয়। দর্শকও তখন গল্পের সঙ্গে নিজেদের যুক্ত করতে পারেন।

নিজের অভিনীত কাজগুলো শুধু শিল্পীর দৃষ্টিতে নয়, দর্শক হিসেবেও দেখার চেষ্টা করেন এই অভিনেতা। কোনো গল্প হাতে পাওয়ার পর সেটির সঙ্গে দর্শকের মতো করে সংযোগ স্থাপন করেন তিনি। তাঁর মতে, সাম্প্রতিক নাটকগুলোর গল্পের সঙ্গে নিজেরাও যুক্ত হতে পেরেছিলেন, যা অভিনয়কে আরও স্বাভাবিক করে তুলতে সাহায্য করেছে।

দুটি নাটকের সাফল্যের পর খায়রুল বাসার ও সাদনিমাকে নিয়ে কাজ করতে আগ্রহ দেখাচ্ছেন অনেক নির্মাতা। বাসারের ভাষ্য অনুযায়ী, বেশ কয়েকজন পরিচালক ইতিমধ্যে তাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন। কিছু নাটকের শিডিউলও দেওয়া হয়েছে। ফলে এই জুটিকে ঘিরে দর্শকের পাশাপাশি পরিচালক ও প্রযোজকদের আগ্রহও বাড়ছে।

তবে একের পর এক কাজের প্রস্তাব এলেও বেছে বেছে কাজ করতে চান সাদনিমা বিনতে নোমান। তাঁর লক্ষ্য, শুধু জুটি হিসেবে জনপ্রিয়তা ধরে রাখা নয়, বরং মানসম্মত গল্পে অভিনয়ের মাধ্যমে দর্শকের প্রত্যাশা পূরণ করা।

সাদনিমা জানান, একসঙ্গে আরও কাজ করার পরিকল্পনা রয়েছে তাঁদের। তবে গতানুগতিক গল্পের বদলে ভালো গল্প নিয়ে দর্শকের সামনে আসতে চান তাঁরা। বাইরে গেলে দর্শকদের কাছ থেকে নিজেদের নাটক নিয়ে ইতিবাচক সাড়া পান বলেও জানান এই অভিনেত্রী। দর্শকের ভালোবাসা তাঁকে নতুন কাজের জন্য অনুপ্রাণিত করছে।

খায়রুল বাসার ও সাদনিমার জুটির সাফল্যের পেছনে তাঁদের স্বাভাবিক অভিনয় বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন পরিচালক সেরনিয়াবাত শাওন। তিনি জানান, সাধারণত প্রতিষ্ঠিত অভিনয়শিল্পীদের নিয়ে কাজ করলেও প্রায় ছয় মাস আগে বাসারের বিপরীতে সাদনিমাকে নির্বাচন করেন তিনি। নতুন জুটি নিয়ে শুরুতে কিছুটা অনিশ্চয়তা থাকলেও শুটিংয়ের প্রথম দৃশ্যেই সাদনিমার অভিনয়ক্ষমতা সম্পর্কে ধারণা পান।

শাওনের ভাষ্য, সাদনিমা দ্রুত চরিত্র বুঝে নিতে পারেন, চরিত্র নিয়ে ভাবেন এবং কাজের প্রতি যথেষ্ট মনোযোগী। অন্যদিকে, দুজনের অভিনয়ই স্বাভাবিক হওয়ায় পর্দায় তাঁদের রসায়ন বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। দর্শকের ভালো লাগার অন্যতম কারণও এটি বলে মনে করেন পরিচালক।

এই সাফল্যের পর ভবিষ্যতে এ জুটির শিডিউল পাওয়া কঠিন হয়ে উঠতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।

খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমানের অভিনীত ‘কাছের কেউ’ এবং ‘তোমার ঠিকানায়’ নাটক দুটি দেখা যাচ্ছে হিয়া এন্টারটেইনমেন্টে। পরপর দুটি নাটকের সাফল্য তাঁদের সামনে যেমন নতুন সম্ভাবনা তৈরি করেছে, তেমনি দর্শকের প্রত্যাশাও বাড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, বেছে নেওয়া নতুন গল্প ও চরিত্রের মধ্য দিয়ে এই জুটি নিজেদের সাফল্যের ধারাবাহিকতা কতটা ধরে রাখতে পারেন।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: