ধর্মীয় পরিচয় যার যার, নগর সবার: মেয়র শাহাদাত

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ধর্মীয় পরিচয় যার যার, কিন্তু নগরী সবার। সব ধর্মের মানুষ যেন নিরাপদে

2026-10-17T17:39:48+00:00
2026-10-17T17:39:48+00:00
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
ধর্মীয় পরিচয় যার যার, নগর সবার: মেয়র শাহাদাত
চট্টগ্রাম ব্যুরো
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৫:৩৯ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ধর্মীয় পরিচয় যার যার, কিন্তু নগরী সবার। সব ধর্মের মানুষ যেন নিরাপদে ও নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, তা নিশ্চিত করা সবার দায়িত্ব। সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জেএম সেন হলের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে মণ্ডপ পরিদর্শনে গিয়ে মেয়র নগরীতে পূজা উদযাপনের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে কথা বলেন।

মেয়র বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন, যেখানে ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সব মানুষ সমান মর্যাদা ও অধিকার নিয়ে বসবাস করবেন। বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা এবং সবার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।

তিনি জানান, চট্টগ্রাম নগরীতে শারদীয় দুর্গাপূজা সুন্দরভাবে শুরু হয়েছে। আন্দরকিল্লা, দেওয়ান বাজারসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটরা মাঠপর্যায়ে কাজ করছেন। পাশাপাশি পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখা এবং দর্শনার্থীদের চলাচল নির্বিঘ্ন রাখতে পরিচ্ছন্নতা বিভাগের কার্যক্রম চলছে।

ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম মহানগরীর ১৬টি থানার অধীন ২৯৪টি পূজামণ্ডপে মোট ১৪ লাখ ৭০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। ধর্মীয় উৎসব মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করে। তাই সব ধর্মের মানুষের উৎসব নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদযাপনের পরিবেশ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, ‘রেইনবো সিটি’ গড়ে তোলার অর্থ এমন একটি নগর প্রতিষ্ঠা করা, যেখানে প্রত্যেক মানুষ নিরাপদে চলাচল করতে পারবেন, নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারবেন এবং সুস্থ ও সুন্দর পরিবেশে বসবাস করতে পারবেন। এ লক্ষ্য অর্জনে নগরীর পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য এবং নাগরিক অবকাঠামোর যথাযথ রক্ষণাবেক্ষণ জরুরি।

মেয়র বলেন, সম্প্রীতি ও সহাবস্থানের এই ধারণা বাস্তবায়নের মধ্য দিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্য সামনে রেখে প্রধানমন্ত্রী চট্টগ্রামে আসছেন।

এ সময় চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়ার যে লক্ষ্য প্রধানমন্ত্রী নির্ধারণ করেছেন, তা বাস্তবায়নের অংশ হিসেবে তাঁর চট্টগ্রাম আগমন আনন্দের বিষয়। প্রধানমন্ত্রীর এ সফর সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, মহানগর বিএনপির সদস্য আনোয়ার হোসেন লিপু, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে মেয়র সনাতন সম্প্রদায়ের ৫০০ নারীর হাতে পূজার উপহারসামগ্রী তুলে দেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: