শারদীয় দুর্গাপূজা ঘিরে রাজধানীর ২৫৭টি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব মণ্ডপে দিন-রাত ২৪ ঘণ্টা সিসিটিভি ও বডিওর্ন ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে। পাশাপাশি নিয়মিত দায়িত্বের বাইরে অতিরিক্ত ২ হাজার ১০০ পুলিশ সদস্য মোতায়েন থাকবেন।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন শেষে এসব তথ্য জানান ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
তিনি বলেন, রাজধানীতে দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এ বছর ঢাকা মহানগরীতে মোট ২৫৭টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
ডিএমপি কমিশনার জানান, প্রতিটি পূজামণ্ডপের গুরুত্ব, ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতি এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় মণ্ডপগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। প্রতিটি মণ্ডপে দিন-রাত পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।
পূজামণ্ডপ ও আশপাশের এলাকার নিরাপত্তা পর্যবেক্ষণে সিসিটিভি এবং বডিওর্ন ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে আর্চওয়ে স্থাপন করা হয়েছে, যাতে নিরাপত্তা তল্লাশি আরও কার্যকর করা যায়।
তিনি আরও জানান, পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির বিভিন্ন বিভাগের সদস্যদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় বিশেষায়িত ইউনিটগুলোকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।
তিনি বলেন, পূজামণ্ডপের আশপাশে নিয়মিত টহল, সন্দেহজনক ব্যক্তি ও বস্তুর ওপর নজরদারি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ছাড়া সোয়াট, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন উপলক্ষেও বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বিসর্জন শোভাযাত্রা শুরু হয়ে ওয়াইজঘাটে গিয়ে শেষ হবে।
শোভাযাত্রার পথ, জনসমাগম ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে শোভাযাত্রা নির্বিঘ্ন রাখা এবং নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডিএমপি কমিশনার।
রাজধানীবাসীকে আশ্বস্ত করে মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় রাজধানীতে দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।