দেশের অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে স্থিতিশীলতা বজায় রাখতে নির্বাচিত সরকারকে পাঁচ বছর কাজ করার সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, ক্ষমতার চেয়ে মানুষের জীবনমানের উন্নয়ন ও অর্থনৈতিক সচ্ছলতা নিশ্চিত করা বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সবাইকে গুরুত্ব দিতে হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর রমনা কালীমন্দিরে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত স্বল্পমূল্যে ‘পাঁচ টাকায় পূজার বাজার’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করে ডিএসসিসি প্রশাসক বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে দরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াচ্ছে। এক টাকায় এক ডজন ডিম এবং পাঁচ টাকায় শাড়িসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের মতো উদ্যোগ মানুষের আত্মমর্যাদা বজায় রেখে সহায়তা পাওয়ার সুযোগ তৈরি করেছে।
তিনি বলেন, এ কর্মসূচির মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী, হিন্দু ধর্মাবলম্বী এবং নিম্ন আয়ের মানুষ উপকৃত হচ্ছেন। এ জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জানান এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
দেশের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে আবদুস সালাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি ভঙ্গুর অর্থনীতির দায়িত্ব নিয়েছেন। দীর্ঘদিনের সংকট কাটিয়ে অর্থনীতি পুনর্গঠনে সময় প্রয়োজন। এর সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে দেশের অর্থনীতি আরও চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ অবস্থায় সবাইকে ধৈর্য, সহনশীলতা ও বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন নিম্ন আয়ের ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ। তাই দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রার ক্ষতি হয়—এমন কর্মসূচি এড়িয়ে রাজনৈতিক ও সামাজিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ডিএসসিসি প্রশাসক আরও বলেন, পাঁচ বছরের জন্য নির্বাচিত সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে। পাঁচ বছর পর জনগণ ভোটের মাধ্যমে তাঁদের সিদ্ধান্ত জানাবেন।
ধর্মীয় সম্প্রীতি ও নাগরিক অধিকারের বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ দরিদ্র মানুষ কিংবা কোনো ধর্মীয় সম্প্রদায়কে নিয়ে অহেতুক রাজনীতি না করে দেশের সার্বিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
আবদুস সালাম বলেন, ১৭ বছরের দীর্ঘ ও রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত সাফল্য যেন কোনোভাবেই ব্যর্থ না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন ও সংযমী থাকতে হবে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৬৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে ডিএসসিসির পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে দলীয় নেতাকর্মীদেরও নির্দেশনা দেওয়া হয়েছে।
সবাই নিজ নিজ ধর্ম পালন ও উৎসব উদ্যাপনের মধ্য দিয়ে দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন ডিএসসিসি প্রশাসক।