মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে সৌদি কর্তৃপক্ষের জারি করা নিরাপত্তা ও আইনি নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি-সংশ্লিষ্ট কোনো তথ্য, ছবি বা ভিডিও ধারণ, মুঠোফোনে সংরক্ষণ, অন্যের সঙ্গে আদান-প্রদান কিংবা ফেসবুক, ইউটিউব ও এক্সসহ (সাবেক টুইটার) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আইনে শাস্তিযোগ্য অপরাধ।
এ কারণে এ ধরনের ছবি, ভিডিও ও স্পর্শকাতর তথ্য প্রচার এবং আদান-প্রদান থেকে সম্পূর্ণ বিরত থাকতে প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ জানিয়েছে দূতাবাস। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ ও জনবহুল এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বর্তমান পরিস্থিতিতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
জরুরি প্রয়োজনে যোগাযোগের নম্বর
প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে। শ্রমসংক্রান্ত বিষয়ে বিনামূল্যে কল করা যাবে ৮০০১০০০১২৫ নম্বরে। পাসপোর্টসংক্রান্ত বিষয়ে ৮০০১০০০১২৬ এবং ডিপ্লোম্যাটিক উইং-সংক্রান্ত প্রয়োজনে ৮০০১০০০১২৪ নম্বরে যোগাযোগের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া মৃত্যু-সংক্রান্ত জরুরি প্রয়োজনে +৯৬৬৫৭০২১২১৮০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত ও নির্ভরযোগ্য তথ্য পেতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করারও পরামর্শ দেওয়া হয়েছে।