সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে দর্শনার্থী পাস ইস্যুর সংখ্যা সীমিত করা হচ্ছে। একই সঙ্গে দুপুর ১২টার আগে কোনো দর্শনার্থী সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না।
গত ৪ অক্টোবর সচিবালয়ের নিরাপত্তা নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
সচিবালয়ে প্রবেশ নিয়ন্ত্রণ ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে পদ অনুযায়ী দর্শনার্থী পাস দেওয়ার সর্বোচ্চ সংখ্যা নির্ধারণ করা হয়েছে। সভার কার্যপত্র অনুযায়ী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারীরা প্রতিদিন সর্বোচ্চ ১০টি পাস দিতে পারবেন।
অন্যদিকে, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্যসচিব এবং অন্যান্য সিনিয়র সচিব বা সচিব সর্বোচ্চ পাঁচটি পাস দিতে পারবেন। অতিরিক্ত সচিবের ক্ষেত্রে এ সংখ্যা তিনটি এবং যুগ্মসচিবের ক্ষেত্রে দুটি নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ, গাড়ি চলাচল ও পার্কিং নিয়ন্ত্রণ এবং ভবনভিত্তিক প্রবেশাধিকার যাচাইয়ের ব্যবস্থাও জোরদার করা হচ্ছে। এ লক্ষ্যে প্রতিটি ভবনে পৃথক অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম চালুর উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বিদেশি দর্শনার্থীদের জন্যও চালু করা হবে পৃথক নিবন্ধনব্যবস্থা। এ ব্যবস্থায় তাঁদের পরিচয়, আগমনের উদ্দেশ্য, সংশ্লিষ্ট কর্মকর্তা বা দপ্তরের তথ্য এবং প্রবেশ ও বের হওয়ার সময় সংরক্ষণ করতে হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সচিবালয় সরকারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র হওয়ায় সেখানে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।