সরকার বিধবা কার্ড চালু করে আর্থিক সহায়তা দিলে সেই সুবিধা সবার আগে সংসদ সদস্যের (এমপি) স্ত্রী পাবেন—এমন মন্তব্য করে নিয়োগপ্রক্রিয়ায় স্বজনপ্রীতি নিয়ে কটাক্ষ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে নারায়ণগঞ্জ ছাত্রশক্তি আয়োজিত জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
বক্তব্যে সারের ডিলার নিয়োগপ্রক্রিয়ার উদাহরণ টেনে হাসনাত আবদুল্লাহ বলেন, সম্প্রতি সারের ডিলার নিয়োগে সংসদ সদস্যদের ছেলে, মেয়ে এমনকি শ্যালিকারও ডিলার হওয়ার ঘটনা দেখা গেছে।
এরপর তিনি বলেন, ‘ইভেন বিধবা কার্ড যদি দেওয়া হয়, বিধবা কার্ডের টাকা যদি দেওয়া হয়, এমপির বউ সবার আগে পাবে।’
হাসনাত আবদুল্লাহর ভাষ্য, বাংলাদেশের পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, কোনো সুবিধা দেওয়া হলে সংসদ সদস্যের পরিবারের সদস্যরাই আগে তা পাওয়ার দাবি করবেন। তাঁর এ বক্তব্যে সরকারি সুবিধা ও নিয়োগপ্রক্রিয়ায় প্রভাবশালী ব্যক্তিদের স্বজনদের অগ্রাধিকার পাওয়ার প্রবণতা নিয়ে সমালোচনা উঠে আসে।