পবিত্র রমজান মাস শুরু হতে পারে আগামী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি, সোমবার। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, আগামী বছরের রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হতে পারে। সে হিসাবে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ৯ অথবা ১০ মার্চ।
মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে রমজান শুরুর চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার ওপর।
আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানান, শনিবার (১০ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে নতুন চাঁদের জন্ম হয়েছে। রবিবার সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে সোমবার (১২ অক্টোবর) থেকে জমাদিউল আউয়াল মাস শুরু হতে পারে।
জমাদিউল আউয়াল মাস শুরু হলে রমজানের আগে হিজরি বর্ষপঞ্জির আরও চারটি চান্দ্র মাস বাকি থাকবে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি রমজান শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
এদিকে শারজাহ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি হাবের পর্যবেক্ষণে বলা হয়েছে, রোববার সূর্যাস্তের পর সাধারণ টেলিস্কোপ কিংবা খালি চোখে নতুন চাঁদ দেখা কঠিন হতে পারে। তবে উন্নত অ্যাস্ট্রোফটোগ্রাফি প্রযুক্তির সাহায্যে সূর্যাস্তের আগে চাঁদের উপস্থিতি শনাক্ত করা সম্ভব হতে পারে।
এ কারণে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে মাস গণনা করা দেশগুলোর সঙ্গে সরাসরি চাঁদ দেখার ওপর নির্ভরশীল দেশগুলোর হিজরি মাস শুরুর তারিখে পার্থক্য হতে পারে।
জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, আগামী বছরের রমজান ২৯ দিনের হলে ঈদুল ফিতর হতে পারে মঙ্গলবার (৯ মার্চ)। আর রমজান ৩০ দিনের হলে ঈদ উদযাপিত হতে পারে বুধবার (১০ মার্চ)।
তবে এসব তারিখ সম্ভাব্য হিসাবের ভিত্তিতে নির্ধারিত। বাংলাদেশে রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঘোষণা করা হবে।