
শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠ্যক্রম উন্নয়নের লক্ষ্যে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বাংলাদেশে (AAUB) আউটকাম বেইজড এডুকেশন (OBE) বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত ফ্যালকন হলে বিশ্ববিদ্যালয়ের অ্যাভিয়েশন অপারেশন ম্যানেজমেন্ট (AVOM) বিভাগের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ঢাকা ও লালমনিরহাট ক্যাম্পাসের শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।
প্রশিক্ষণের উদ্বোধনী বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব অ্যারোস্পেস ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপের ডিন এয়ার কমডোর মো. রবিউল হাসান। স্বাগত বক্তব্য দেন অ্যাভিয়েশন অপারেশন ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. হোসনে নাসরিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও সেশন চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান।
প্রশিক্ষণে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (BNQF), আউটকাম বেইজড এডুকেশনের মূলনীতি, পাঠ্যক্রম প্রণয়ন ও সমন্বয়, শিক্ষণফল নির্ধারণ, শিক্ষার্থীদের অর্জন মূল্যায়ন, রুব্রিকসভিত্তিক মূল্যায়ন পদ্ধতি এবং ধারাবাহিক গুণগত মানোন্নয়ন (CQI) নিয়ে আলোচনা করা হয়। চারটি বিশেষায়িত সেশনে বিষয়গুলো তুলে ধরা হয়।
সেশন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (IQAC) সাবেক অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. সৈয়দ শাহরিয়ার রহমান। এ ছাড়া আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (AUST) মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সরওয়ার মোর্শেদ এবং স্কুল অব বিজনেসের সহযোগী অধ্যাপক ও IQAC-এর অতিরিক্ত পরিচালক ড. নাজনীন সুলতানা চৈতী সেশন পরিচালনা করেন।
প্রশিক্ষণে বিষয়ভিত্তিক আলোচনা, ব্যবহারিক অনুশীলন ও দলীয় কার্যক্রমের মাধ্যমে কোর্সের শিক্ষণফল, প্রোগ্রামের উদ্দেশ্য এবং প্রত্যাশিত অর্জনের মধ্যে সামঞ্জস্য নিশ্চিত করার পদ্ধতি তুলে ধরা হয়। পাশাপাশি কার্যকর মূল্যায়নব্যবস্থা প্রণয়ন এবং নিয়মিত পর্যালোচনার মাধ্যমে শিক্ষার মান উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সমাপনী বক্তব্যে উপাচার্য এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে OBE কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষা, অর্জিত জ্ঞান ও দক্ষতার পরিমাপযোগ্য মূল্যায়ন এবং পাঠদান ও মূল্যায়ন পদ্ধতির ধারাবাহিক উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
উপাচার্য অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে দক্ষ ও যোগ্য গ্র্যাজুয়েট তৈরির লক্ষ্যে শক্তিশালী একাডেমিক গুণগত মান নিশ্চিতকরণ ব্যবস্থা গড়ে তোলার গুরুত্বও তুলে ধরেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ ও স্মারক বিতরণ করা হয়। পরে গ্রুপ ফটোসেশনের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।