
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে ‘চ্যালেঞ্জ শিক্ষার্থী সম্মেলনে’ এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন।
তিনি বলেন, এসএসসির ফলাফল দিয়ে কোনো শিক্ষার্থীর জীবনের সাফল্য বা ব্যর্থতা নির্ধারণ করা যায় না। অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিকল্প সুযোগ তৈরিতে সরকার কাজ করছে।
মাহাদী আমিন জানান, পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার জন্য এক বছর অপেক্ষা করতে না হয়, সে বিষয়েও ভাবছে সরকার। তিন মাসের মধ্যে পুনঃপরীক্ষার আয়োজন করা সম্ভব কি না, তা বিবেচনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আগ্রহ ও দক্ষতা অনুযায়ী কারও জন্য কারিগরি প্রশিক্ষণ, কারও জন্য ব্যবসা শুরু করতে ঋণ এবং কারও জন্য তৃতীয় ভাষা শেখার মাধ্যমে বিদেশে যাওয়ার সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে। তবে যারা প্রাতিষ্ঠানিক শিক্ষা অব্যাহত রাখতে চায়, তাদের সে সুযোগও দেওয়া হবে।
সরকারের এই উদ্যোগের লক্ষ্য, পরীক্ষায় অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের সামনে বিকল্প সম্ভাবনা তৈরি করা এবং তাদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের পথে এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়া।