সবুজ গ্রাম, হলুদ ফসল আর দৌড়ের উন্মাদনা—উৎসবের রঙে রাঙল রায়পুরা

নরসিংদী সংবাদদাতা

সারাদেশ

গ্রামীণ সড়কের দুই পাশে সবুজ প্রকৃতি, হলুদ ফসলের মাঠ আর স্থানীয় মানুষের করতালি—এমন মনোরম পরিবেশে নরসিংদীর রায়পুরায় অনুষ্ঠিত হয়েছে ‘রায়পুরা

2026-10-09T16:44:24+00:00
2026-10-09T16:44:24+00:00
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
সবুজ গ্রাম, হলুদ ফসল আর দৌড়ের উন্মাদনা—উৎসবের রঙে রাঙল রায়পুরা
নরসিংদী সংবাদদাতা
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৪:৪৪ পিএম 
সংগৃহীত ছবি
গ্রামীণ সড়কের দুই পাশে সবুজ প্রকৃতি, হলুদ ফসলের মাঠ আর স্থানীয় মানুষের করতালি—এমন মনোরম পরিবেশে নরসিংদীর রায়পুরায় অনুষ্ঠিত হয়েছে ‘রায়পুরা ম্যারাথন’। ‘রান ফর বাংলাদেশ, রান ফর সেফটি’ স্লোগানে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশি-বিদেশি প্রায় এক হাজার দৌড়বিদ অংশ নেন। শুক্রবার (৯ অক্টোবর) ভোরে উপজেলা চত্বর থেকে শুরু হওয়া এ আয়োজন ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

ভোর ৪টায় ম্যারাথনের উদ্বোধন করেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। পরে ভোর ৫টায় শুরু হয় মূল প্রতিযোগিতা। দৌড়বিদেরা উপজেলা চত্বর থেকে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়ক ধরে হাসনাবাদ ১০ নম্বর সেতু পর্যন্ত গিয়ে আবার উপজেলা চত্বরে ফিরে আসেন।

রায়পুরা উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ ম্যারাথনে ছিল চারটি বিভাগ। এর মধ্যে ৪২ কিলোমিটার ফুল ম্যারাথনে ২৭০ জন, ২৫ কিলোমিটার দৌড়ে ২০০ জন, ১০ কিলোমিটারে ৪০০ জন এবং শিশুদের এক কিলোমিটার দৌড়ে অংশ নেয় ১৩০ জন।

প্রতিযোগিতায় নারী-পুরুষ, তরুণ ও প্রবীণ—বিভিন্ন বয়সের দৌড়বিদদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তাঁদের অনেকের কাছে জয়-পরাজয়ের চেয়ে সুস্থ থাকা, শরীরচর্চা এবং দৌড়ের মাধ্যমে মানসিক প্রশান্তি অর্জনই বেশি গুরুত্বপূর্ণ।

ঢাকা থেকে আসা সত্তরোর্ধ্ব দৌড়বিদ সামসুল হাসান জানান, দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন স্থানে ম্যারাথনে অংশ নিচ্ছেন। বয়স বাড়লেও শরীর ও মন ভালো রাখতে দৌড় চালিয়ে যাচ্ছেন। রায়পুরার সবুজে ঘেরা সড়ক, গাছপালা ও হলুদ ফসলের মাঠ তাঁকে মুগ্ধ করেছে। পথে স্থানীয় মানুষের উৎসাহও তাঁর ভালো লেগেছে। তরুণদের নিয়মিত দৌড়ানোর অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।

ঢাকা থেকে আসা প্রতিযোগী সুবাহা মাহাদি সিদ্দিকী বলেন, ‘মায়ের অনুপ্রেরণায় আমি দৌড় শুরু করি। পরিবারের সদস্যদের সঙ্গে বিভিন্ন স্থানে দৌড় প্রতিযোগিতায় অংশ নিই। রায়পুরার মেঠোপথে আয়োজিত এ ম্যারাথন আমার কাছে বিশেষভাবে ভালো লেগেছে।’

সোয়ান গ্রুপের চেয়ারম্যান মো. কবির উদ্দিনও সত্তরোর্ধ্ব বয়সে ৪২ কিলোমিটার দৌড়ে অংশ নিয়ে আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, রায়পুরার সুন্দর ট্র্যাক ও প্রাকৃতিক পরিবেশ তাঁকে মুগ্ধ করেছে। সুস্থ থাকতে নিয়মিত ব্যায়াম ও দৌড়ের ওপর গুরুত্ব দেন তিনি।

ম্যারাথনে প্রতিযোগীদের নিরাপত্তা এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সকাল থেকে দুপুর পর্যন্ত নির্ধারিত এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। প্রায় ২০০ স্বেচ্ছাসেবকের পাশাপাশি পুলিশ, আনসার ও গ্রামপুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন। সড়কের দুই পাশে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দারা দৌড়বিদদের উৎসাহ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যারাথনের স্পনসর ওয়াটসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান, রায়পুরা রানার্স কমিউনিটির পরিচালক সবুজ শিকদার এবং রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. ফরিদ উদ্দিনসহ অন্যরা।

ম্যারাথনের স্পনসর ওয়াটসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় এক হাজার প্রতিযোগী রায়পুরায় অংশ নেওয়ায় তাঁরা আনন্দিত। ভবিষ্যতে আরও বেশি দৌড়বিদকে নিয়ে বড় পরিসরে ম্যারাথন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

আয়োজক কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ উদ্যোগে আয়োজনটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এ আয়োজনে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

রায়পুরা রানার্স কমিউনিটির অ্যাডমিন ও আয়োজক কমিটির সমন্বয়ক সবুজ শিকদার বলেন, তরুণদের সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যেই এ ম্যারাথনের আয়োজন। পাশাপাশি রায়পুরাকে দেশ-বিদেশে ইতিবাচকভাবে তুলে ধরা ও মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানোও তাঁদের উদ্দেশ্য। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের পরিকল্পনা রয়েছে।

রায়পুরার গ্রামীণ সৌন্দর্যের মধ্যে অনুষ্ঠিত এ ম্যারাথন শুধু দৌড় প্রতিযোগিতায় সীমাবদ্ধ থাকেনি; বরং সুস্থ জীবনযাপন, সামাজিক সম্প্রীতি এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বার্তাও দিয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: