শীতের আগাম সবজিতে আগুন, ইলিশ বন্ধে বাড়ল মাছের দাম

ভোরের ডাক ডেস্ক

বাণিজ্য

শীত এখনো পুরোপুরি আসেনি, তবে বাজারে উঠতে শুরু করেছে আগাম শীতকালীন সবজি। সরবরাহ ভালো থাকার পরও রাজধানীর বাজারগুলোতে এসব সবজি

2026-10-09T16:34:50+00:00
2026-10-09T16:34:50+00:00
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
 
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
বাণিজ্য
শীতের আগাম সবজিতে আগুন, ইলিশ বন্ধে বাড়ল মাছের দাম
ভোরের ডাক ডেস্ক
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৪:৩৪ পিএম 
সংগৃহীত ছবি
শীত এখনো পুরোপুরি আসেনি, তবে বাজারে উঠতে শুরু করেছে আগাম শীতকালীন সবজি। সরবরাহ ভালো থাকার পরও রাজধানীর বাজারগুলোতে এসব সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে কয়েক ধরনের সবজির দাম। অন্যদিকে, ৮ অক্টোবর থেকে ইলিশ বিক্রি বন্ধ হওয়ায় বাজারে অন্যান্য মাছের দামও কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে মুরগির দাম গত সপ্তাহের মতোই রয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর শেওড়াপাড়া, তালতলা ও আগারগাঁও বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২০০ টাকায়। নতুন আলুর দাম কেজিপ্রতি ২০০ টাকা। মুলার দাম ১০ টাকা বেড়ে হয়েছে ৬০ টাকা এবং ফুলকপি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। ছোট আকারের বাঁধাকপি প্রতিটি বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

গ্রীষ্মকালীন সবজির দাম তুলনামূলক স্থিতিশীল। পটল, ঢ্যাঁড়স ও চিচিঙ্গা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭০ থেকে ৮০ টাকায়। বেগুনের দাম কেজিতে ২০ টাকা কমে ৬০ থেকে ১২০ টাকা এবং কাঁচা মরিচের দাম ২০ টাকা কমে ১০০ থেকে ১২০ টাকায় নেমেছে।

তবে সরবরাহ কমে যাওয়ায় টমেটোর দাম কেজিতে ১০০ টাকা বেড়ে ২৪০ টাকায় দাঁড়িয়েছে। জলপাই বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা এবং গাজর ১০০ থেকে ১২০ টাকা কেজিতে।

বাজারে পেঁপে কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা, আলু ৩০ টাকা এবং পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। কচুর লতি ৮০ টাকা, কচুরমুখি ৫০ থেকে ৬০ টাকা, শসা ৭০ থেকে ৮০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা এবং মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।

এক হালি লেবু বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। দেশি ধনেপাতা কেজিপ্রতি ৩০০ টাকা এবং হাইব্রিড ধনেপাতা ২৪০ টাকা। কাঁচা কলার হালি ৪০ টাকা, চালকুমড়া প্রতিটি ৬০ থেকে ৭০ টাকা এবং ক্যাপসিকাম কেজিপ্রতি ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

শাকের মধ্যে লাল শাকের আঁটি ১৫ টাকা, লাউ শাকের আঁটি ৫০ টাকা, দুই আঁটি কলমি শাক ২০ টাকা, পুঁই শাক ৪০ টাকা এবং দুই আঁটি ডাঁটা শাক ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

ইলিশ বিক্রি বন্ধ হওয়ার পর অন্যান্য মাছের দাম বেড়েছে বলে জানিয়েছেন বাজারসংশ্লিষ্টরা। বাজারে চাষের শিং মাছ আকারভেদে কেজিপ্রতি ৩৫০ থেকে ৬০০ টাকা এবং দেশি শিং ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

রুই মাছের দাম বেড়ে হয়েছে ৪০০ থেকে ৫৫০ টাকা। দেশি মাগুর ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪৫০ টাকা, চাষের পাঙ্গাশ ১৮০ থেকে ২২০ টাকা এবং চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া বোয়াল মাছ ৬৫০ থেকে ৮০০ টাকা, বড় কাতলা ৩৫০ থেকে ৫০০ টাকা, পোয়া ৪০০ থেকে ৪৫০ টাকা, পাবদা ৪৫০ থেকে ৫০০ টাকা, তেলাপিয়া ২২০ থেকে ২৪০ টাকা এবং কৈ মাছ ২২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

অন্যান্য মাছের মধ্যে মলা ৫০০ টাকা, বাতাসি টেংরা ১ হাজার ৪০০ টাকা, টেংরা ৬০০ থেকে ৮০০ টাকা, কাচকি ৫০০ টাকা এবং পাঁচমিশালি মাছ ২৪০ থেকে ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মুরগির বাজারে গত সপ্তাহের তুলনায় বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। প্রতি কেজি সোনালি কক মুরগি ৩২০ টাকা, সোনালি হাইব্রিড ২৯০ টাকা, লাল লেয়ার ৩৬০ টাকা, ব্রয়লার ১৮০ টাকা এবং দেশি মুরগি ৬৭০ টাকায় বিক্রি হচ্ছে।

গরুর মাংস কেজিপ্রতি ৭৮০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকায়। হাঁসের ডিমের ডজন ২০০ টাকা। দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা এবং সোনালি কক মুরগির ডিমের হালি ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

সব মিলিয়ে রাজধানীর বাজারে আগাম শীতকালীন সবজি ও মাছ কিনতে ক্রেতাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে। কিছু সবজির দাম কমলেও অন্যদিকে টমেটোসহ কয়েকটি পণ্যের মূল্যবৃদ্ধি বাজারের সামগ্রিক ব্যয় কমাতে দিচ্ছে না।


Loading...
Loading...

বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: