চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তির প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করেছে। এতে কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন আয়োজকেরা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ২টার দিকে আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন সিপিবি, বাসদসহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। একই কার্যালয়ে বিকেল সাড়ে ৩টার দিকে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি পরিচালনার কনসেশন চুক্তি সই হওয়ার কথা ছিল।
চুক্তির বিরোধিতা করে বিক্ষোভকারীরা সেখানে অবস্থান নেন। পরে বেলা পৌনে ৩টার দিকে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
বিক্ষোভে সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন বলেন, সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের পক্ষ থেকে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি পরিচালনার চুক্তির প্রতিবাদ জানাতে তারা ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ের সামনে এসেছিলেন।
তার দাবি, ডিপি ওয়ার্ল্ডের কাছে চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ এই টার্মিনাল দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনার জন্য দেওয়া দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের জন্য উদ্বেগের বিষয়।
সাজ্জাদ জহির চন্দন বলেন, ‘আমরা মনে করি, এ চুক্তি বাংলাদেশকে বিক্রি করার শামিল। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সম্পৃক্ততা আছে।’
তিনি আরও দাবি করেন, ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়া হলে বাংলাদেশের নৌবন্দর ও বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যবহারের সুযোগ তৈরি হতে পারে। এ কারণেই তারা চুক্তির বিরোধিতা করছেন।
পুলিশের লাঠিচার্জের অভিযোগ তুলে সিপিবি সভাপতি বলেন, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলেন। একপর্যায়ে পুলিশ কোনো উসকানি ছাড়াই বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে।
এতে তিনি নিজেসহ দলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
অন্যদিকে, এনসিটি পরিচালনার জন্য ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের কনসেশন চুক্তি সইয়ের উদ্যোগকে কেন্দ্র করেই এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। চুক্তির পক্ষে-বিপক্ষে রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের অবস্থানের মধ্যেই আগারগাঁওয়ে উত্তেজনা তৈরি হয়।