বান্দরবান জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক নাজনীন সুলতানা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক নাজনীন সুলতানাকে বর্তমান দায়িত্ব থেকে বদলি করে বান্দরবান জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এদিকে বান্দরবানের বর্তমান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তিনি চলতি বছরের ২ এপ্রিল বান্দরবানের ২৩তম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন।
নতুন জেলা প্রশাসক হিসেবে নাজনীন সুলতানা দায়িত্ব নেওয়ার পর জেলার প্রশাসনিক কার্যক্রমে নেতৃত্ব দেবেন। বান্দরবানে বর্তমানে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক আয়োজন ঘিরে প্রশাসনিক প্রস্তুতিও চলছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।