ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক সংলাপকে ভিত্তি করে এগোতে চায় বাংলাদেশ। এ বিষয়ে দুই দেশের সংশ্লিষ্ট পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে কার্যকর যোগাযোগ ও নিয়মিত আলোচনা প্রয়োজন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘পানির ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবনা: তরুণ নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনারে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, পানি বণ্টনের ক্ষেত্রে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আইনের অবস্থান রয়েছে। পাশাপাশি দেশের জনগণের সমর্থন ও প্রত্যাশাও আলোচনার টেবিলে বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করছে।
পানি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে জানিয়ে তিনি বলেন, আলোচনায় অংশ নিতে ভারতীয় পক্ষের প্রতিনিধিদের নাম চাওয়া হয়েছে। এখন তাদের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, খুব শিগগিরই ভারতের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাবে। এরপর দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়ার মাধ্যমে পরবর্তী দফার পানি চুক্তি নবায়নের পথও সুগম হতে পারে।
তিনি বলেন, দুই দেশের নেতৃত্বের মধ্যে সহযোগিতার মানসিকতা থাকলে পানি নিয়ে আলোচনার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সমাধান সম্ভব। এ ধরনের বিষয় কূটনীতি, সংলাপ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই সমাধান করতে হবে।
পানি বণ্টনের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন বাংলাদেশের আলোচনার অন্যতম ভিত্তি উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই ভারতের সঙ্গে পানি সহযোগিতার বিষয়ে এগিয়ে যাবে সরকার।