
দীর্ঘ এক দশকের সম্পর্কের পর দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরা হাশেম। পারস্পরিক বোঝাপড়া ও পরিবারের সম্মতিতেই তারা আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
রোববার (৪ অক্টোবর) রাত ১০টা ৪১ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক পোস্ট দিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা প্রকাশ করেন প্রীতম ও শেহতাজ।
প্রীতম তার পোস্টে জানান, একসঙ্গে কাটানো দীর্ঘ সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য দুজনই কৃতজ্ঞ। তবে সময়ের সঙ্গে তাদের মধ্যে বোঝাপড়ার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য তৈরি হয়েছে। সেই বাস্তবতায় আলাদা পথে এগিয়ে যাওয়াকেই দুজনের জন্য ভালো মনে করছেন তারা।
তিনি বলেন, সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া হয়নি। নিজেদের মধ্যে দীর্ঘ আলোচনা, অনেক ভেবেচিন্তে এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তারা এ সিদ্ধান্তে পৌঁছেছেন।
বর্তমানে তারা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন বলেও জানান প্রীতম। জীবনের নতুন অধ্যায়ে দুজন আলাদাভাবে এগিয়ে যেতে চান।
তবে সম্পর্কের ইতি ঘটলেও একে অপরের প্রতি সম্মান ও শুভকামনা অটুট থাকবে বলে জানিয়েছেন এই তারকা দম্পতি।
দীর্ঘদিনের সম্পর্কের পর প্রীতম ও শেহতাজের এই সিদ্ধান্তে ভক্ত ও অনুসারীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন।