বলিউড তারকা সালমান খানের তরুণ বয়সের চেহারার সঙ্গে হুবহু মিল! এমন মন্তব্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন চলচ্চিত্র প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার ছেলে সুফিয়ান নাদিয়াদওয়ালা।
সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে বাবা-মায়ের সঙ্গে হাজির হন সুফিয়ান। সেখানকার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তার চেহারা, চুলের স্টাইল ও শারীরিক গঠন নিয়ে শুরু হয় নানা আলোচনা। অনেক নেটিজেনের চোখেই সুফিয়ানের মধ্যে খুঁজে পাওয়া গেছে ৯০-এর দশকের সালমান খানের ছায়া।
সম্প্রতি ‘প্রেম কীতানু’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে বাবা সাজিদ নাদিয়াদওয়ালা ও মা ওয়ার্দা খান নাদিয়াদওয়ালার সঙ্গে উপস্থিত ছিলেন সুফিয়ান।
অনুষ্ঠানের প্রবেশপথে সালমান খানের সঙ্গেও তার দেখা হয়। একই স্থানে দুজনকে দেখা যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের চেহারার মিল নিয়ে আলোচনা আরও জোরালো হয়ে ওঠে।
অনেকেই সুফিয়ানকে সালমান খানের ‘ইয়ঙ্গার ভার্সন’ বলে মন্তব্য করেছেন। কেউ আবার তাকে সরাসরি ‘৯০ দশকের সালমান খান’ বলে আখ্যা দিয়েছেন।
এক নেটিজেন মজা করে লিখেছেন, সুফিয়ানকে নাকি সালমান খানের চেয়েও বেশি ‘সালমান খান’ মনে হচ্ছে। এমন মন্তব্যের পর দ্রুত ছড়িয়ে পড়ে তার ছবি ও ভিডিও।
সুফিয়ানের চেহারার সঙ্গে সালমানের মিল নিয়ে আলোচনা অবশ্য এবারই প্রথম নয়। চলতি বছরের এপ্রিলেও তার কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল।
তখনও তার মুখের গড়ন, চুলের স্টাইল ও শারীরিক গঠনের সঙ্গে সালমানের তরুণ বয়সের মিল খুঁজে পেয়েছিলেন নেটিজেনরা। নতুন করে সুফিয়ানের ছবি প্রকাশ্যে আসায় পুরনো সেই আলোচনা আবারও সামনে এসেছে।
সুফিয়ান সাজিদ নাদিয়াদওয়ালা ও ওয়ার্দা খান নাদিয়াদওয়ালার ছোট ছেলে। সাজিদ নাদিয়াদওয়ালা বলিউডের পরিচিত প্রযোজক এবং সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেও পরিচিত।
বাবার সঙ্গে বলিউডের বিভিন্ন অনুষ্ঠানে সুফিয়ানের উপস্থিতি দেখা গেলেও তিনি ভবিষ্যতে অভিনয়ে আসবেন কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এদিকে সালমান খান বর্তমানে রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ২০তম আসর নিয়ে ব্যস্ত। এর মধ্যেই বন্ধুর ছেলে সুফিয়ানকে ঘিরে নতুন করে শুরু হওয়া আলোচনা আবারও মনে করিয়ে দিচ্ছে নব্বইয়ের দশকের জনপ্রিয় ‘ভাইজান’ লুকের কথা।