‘যিনি আমাকে কাঁদাচ্ছেন, ভগবান তাকে দেখে নেবেন’: গোবিন্দের স্ত্রী সুনীতা

বিনোদন ডেস্ক

বিনোদন

চার দশকের দাম্পত্য, শৈশবের প্রেম আর সংসারের নানা উত্থান-পতন—সবকিছু পেরিয়ে এবার নিজের পরিচয়ে বাঁচতে চান অভিনেতা গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজা।

2026-10-04T16:31:45+00:00
2026-10-04T16:31:45+00:00
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
বিনোদন
‘যিনি আমাকে কাঁদাচ্ছেন, ভগবান তাকে দেখে নেবেন’: গোবিন্দের স্ত্রী সুনীতা
বিনোদন ডেস্ক
রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৪:৩১ পিএম 
গোবিন্দের স্ত্রী সুনীতা
চার দশকের দাম্পত্য, শৈশবের প্রেম আর সংসারের নানা উত্থান-পতন—সবকিছু পেরিয়ে এবার নিজের পরিচয়ে বাঁচতে চান অভিনেতা গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজা। স্বামীর ব্যক্তিগত জীবন নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও নিজের কষ্ট, ভবিষ্যৎ পরিকল্পনা ও জীবনদর্শন নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে দাম্পত্য জীবন, সন্তান এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন সুনীতা।

সুনীতার ভাষ্য, দীর্ঘদিন তিনি শুধু ‘গোবিন্দের স্ত্রী’ পরিচয়েই ছিলেন। এখন নিজের কাজ ও পরিচয় নিয়ে এগিয়ে যেতে চান। নারীদের উদ্দেশে তার পরামর্শ—নিজেকে ভালোবাসতে হবে এবং নিজের পায়ে দাঁড়াতে হবে।

তিনি বলেন, ‘নিজেকে ভালোবাসুন আর ভগবানের ওপর বিশ্বাস রাখুন। পুরুষের ওপর একেবারে পুরোপুরি নির্ভরশীল হবেন না। আমি কাঁদিও ভগবানের কাছে, একা। আমি এত বছর পর গোবিন্দর স্ত্রী থেকে সুনীতা হয়েছি।’

অভিনয়ে আসার সুযোগ থাকলেও সংসারের কারণে সে পথে হাঁটেননি সুনীতা। তার দাবি, গোবিন্দের সঙ্গে ‘তন বদন’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু তখন তার বয়স ছিল কম। মাত্র ১৫ বছর বয়সে গোবিন্দের সঙ্গে আংটি বদল হয় এবং ১৮ বছর বয়সে বিয়ে। মায়ের পরামর্শে এরপর সংসারকেই অগ্রাধিকার দেন তিনি।

নিজের ভালো থাকার মন্ত্র সম্পর্কে সুনীতা বলেন, ‘নিজেকে ভালোবাসা। নিজের জন্য ভাবো, নিজের জন্য বাঁচো আর আনন্দ করো, ভালোবেসে থাকো।’

স্বামীর সঙ্গে সম্পর্ক নিয়ে নানা আলোচনা ও গুঞ্জনের মধ্যেও গোবিন্দের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাননি তিনি। তবে নিজের কষ্টের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

সুনীতা বলেন, ‘গোবিন্দর জীবন নিয়ে কিছু বলার নেই আমার। শুধু নিজের বিষয়ে কথা বলব। তবে হ্যাঁ, আমিও মানুষ। আমার খারাপ লাগলে ভগবানের কাছে গিয়ে বসি। আর আমি কর্মে বিশ্বাসী। ভালো মানুষকে যে দুঃখ দিচ্ছেন, যিনি আমাকে কাঁদাচ্ছেন, যিনি আমার সংসার ভাঙছেন, ভগবান তাকে দেখে নেবেন। তার ওপর সব ছেড়ে দিয়েছি।’

গোবিন্দের সঙ্গে দীর্ঘ দাম্পত্যের স্মৃতিও তুলে ধরেন সুনীতা। ১৫ বছর বয়সে আংটি বদল, ১৮ বছরে বিয়ে এবং ১৯ বছর বয়সে মা হওয়া—জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো একসঙ্গেই পার করেছেন তারা।

তার কথায়, ‘জীবনের সব লড়াই আমরা একসঙ্গে লড়েছি। এটা গোবিন্দরও ভাবা উচিত। সব কিছু নারীই কেন ভাববে? তাঁরাই কেন মন খারাপ করে থাকবে সবসময়?’

তবে স্বামীর সুখ নিয়েও নিজের শুভকামনার কথা জানিয়েছেন সুনীতা। তিনি বলেন, ‘এক হাতে তো তালি বাজে না, এটা তার সমস্যা। যেখানে তার খুশি তিনি থাকুন। আমি চাই তিনি ভালো থাকুন। ভগবান ওদের আশীর্বাদ দিক।’

সন্তানদের প্রসঙ্গেও আবেগঘন হয়ে পড়েন সুনীতা। গোবিন্দ ও তার দুই সন্তান—এক ছেলে ও এক মেয়ে। ছেলের সঙ্গে সম্প্রতি একটি সিনেমায় কাজ করেছেন তিনি।

সুনীতা বলেন, ‘আমি বাচ্চাদের কখনও বলি না, বাবাকে ছেড়ে দাও। এটা বলার কোনো মানে হয় না। ওদের বাবা গোবিন্দ। আমি শুধু বলি, আমার মতো শক্ত হও।’

সম্প্রতি আদালতের বাইরে সুনীতাকে দেখা যাওয়ার পর গোবিন্দের সঙ্গে তার বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে সুনীতার বক্তব্য, ‘কোর্টে যাওয়া মানে বিচ্ছেদ চাইতে যাওয়া নয়। সম্পত্তি বাচ্চাদের নামে করার জন্যও যেতে পারি।’

ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েনের মধ্যেও ইতিবাচক থাকার চেষ্টা করছেন সুনীতা। তার ভাষায়, ‘জীবনে এত চিন্তা, আমি এত হাসছি। একটা তো জীবন দিয়েছেন ভগবান, সকলকে বলি খুব আনন্দ করুন। নিজের কথা ভাবুন।’

সবশেষে নিজের পরিচয়কে গুরুত্ব দিয়ে সুনীতার বার্তা, ‘ভালোবাসা, সম্পর্ক সব মিথ্যা হতে পারে। আর জীবনে টাকা সবচেয়ে বড়, আর নিজের নাম। এখন শুধু সুনীতা সুনীতা।’


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: